নরসিংদীতে একজন খুন, মানিকগঞ্জে নারীর লাশ
নরসিংদী সদর উপজেলার কাকুশিয়া গ্রামে গত সোমবার রাতে মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তেবাড়িয়া গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাকুশিয়া গ্রামের মোয়াজ্জেম মিয়ার চার ছেলে। মাহবুবুর তাঁর বড় ছেলে। কিছুদিন আগে মোয়াজ্জেমের স্ত্রী নিজের সম্পত্তির কিছু অংশ মাহবুবুরকে (৫৫) লিখে দেন। বিষয়টি অন্য তিন ছেলে মজিবুর রহমান, হাবিবুর রহমান ও শফিকুর রহমান ভালোভাবে নেননি। এ নিয়ে তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সম্পত্তির ভাগ দাবি করে তাঁরা একে অপরের বিরুদ্ধে মামলাও করেন। সোমবার বিকেলে মাহাবুবুর গাছ থেকে তাল পাড়ছিলেন। ছোট তিন ভাই জোটবদ্ধ হয়ে বাধা দেন। এ নিয়ে তর্ক হয়।
সন্ধ্যায় একই ঘটনায় তাঁদের মধ্যে আবার তর্ক বাধে। একপর্যায়ে ছোট ভাইয়েরা এক হয়ে মাহবুবুরের ওপর হামলা চালান। লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকলে একপর্যায়ে মাহাবুবুর মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় মাহাবুবুরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মাহাবুবুরের মৃত্যু হয়।
মাহাবুবুরের ছেলে আবদুল কাইয়ুম বলেন, এ ঘটনায় তাঁর তিন চাচাকে আসামি করে মামলা করা হবে। মাধবদী থানার উপপরির্দশক (এসআই) আতাউর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরে ও মাথায় জখমের চিহ্ন আছে।
এদিকে সাটুরিয়া থানার পুলিশ জানায়, তেবাড়িয়া গ্রাম থেকে গতকাল সকালে চম্পা আক্তার (২০) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার তেবাড়িয়া গ্রামের আবদুল মজিদের ছেলে শুকুর আলীর সঙ্গে পুনাইল গ্রামের আতোয়ার রহমানের মেয়ে চম্পা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই শুকুর আলী সৌদি আরব চলে যান। প্রায় তিন সপ্তাহ আগে শুকুর আলী বাড়িতে আসেন।
এরপর থেকে প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গতকাল ভোর পাঁচটার দিকে ঘরের ভেতর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় চম্পার লাশ ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চম্পার বাবা আতোয়ার রহমান বলেন, শুকুর আলী বিদেশে থাকাবস্থায় মুঠোফোনে তাঁর মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শ্বশুরবাড়ির লোকজন চম্পাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার অপপ্রচার চালাচ্ছেন।
গতকাল বিকেলে শুকুর আলীর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় আতোয়ার হোসেন মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। গতকাল দুপুরে শ্বশুর আবুদল মজিদ ও শাশুড়ি কছিরন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।