নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (২০)। তিনি পৌর শহরের ঘোড়াদিয়া এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, সকাল নয়টার দিকে এক ব্যক্তি সিরাজুলকে ডেকে নিয়ে যান। দুপুর ১২টার দিকে আমিরাবাদ গ্রামে সিরাজুলকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সিরাজুলের স্ত্রী রুবি বেগম বলেন, ‘সকালে বাবুল নামের এক ব্যক্তি আমার স্বামীকে ডেকে আমিরাবাদ গ্রামে নিয়ে যান। এরপর তিনি হামলার শিকার হন।’
সিরাজুলের চাচাতো ভাই হযরত আলী বলেন, পার্শ্ববর্তী পুটিয়া গ্রামের এক মেয়েকে আমিরাবাদ গ্রামে বিয়ে দেওয়া হয়। মেয়েটিকে ওই গ্রামের এক তরুণ উত্ত্যক্ত করতেন। ওই গ্রামের বাবুল মিয়া নামের এক ব্যক্তি মেয়েটির স্বজন হন। উত্ত্যক্তকারীকে শনাক্ত করতে বাবুল কয়েকজনকে সঙ্গে নিয়ে গতকাল সিরাজুলের অটোরিকশায় করে আমিরাবাদ গ্রামে যান। এরপর একদল লোক এসে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় অন্যরা পালাতে পারলেও সিরাজুল পারেননি। সিরাজুল তখন হামলাকারীদের দ্বারা আক্রান্ত হন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।