নরসিংদীতে এজলাস থেকে নথি নিয়ে ঘষামাজা, আটক ২
নরসিংদীতে আদালতের এজলাস থেকে অভিযোগপত্র নিয়ে ঘষামাজা করে মামলার ধারা পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজমিন সুলতানার আদালতের এজলাস থেকে অভিযোগপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় আশরাফুল আলম নামের এক আইনজীবী সহকারী (মুহুরি) ও তোফাজ্জল হোসেন ওরফে খুর্শিদ (৫০) নামের একজনকে আটক করেছে আদালত-পুলিশ।
আদালত-পুলিশ সূত্রে জানা গেছে, মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ আলী শেখ একটি মামলায় চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু এ অভিযোগপত্র আদালতে গৃহীত হয়নি। গতকাল ছিল মামলার শুনানির দিন। অভিযোগপত্র জমা দেওয়ার পর গতকাল আসামিপক্ষের আইনজীবীর সহকারী আশরাফুল আলম পেশকারের মাধ্যমে অভিযোগপত্র আদালতে তোলেন। এরপর কৌশলে সেটি এজলাসের বাইরে নিয়ে আশরাফুল আলম ও আসামি তোফাজ্জল হোসেন অভিযোগপত্রের ধারা কলমের কালি দিয়ে কর্তন করেন ও আসামিদের নাম ঘষামাজা করেন। পরে অভিযোগপত্রটি পুনরায় জমা দিতে গেলে ঘটনাটি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে আদালত পুলিশের মাধ্যমে আশরাফুল ও তোফাজ্জল হোসেনকে আটক করান। এরপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজমিন সুলতানার আদালতে হাজির করে মৌখিক অনুমতি নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আশরাফুল আলম নথি ওঠানোর বিষয়টি অস্বীকার করেন। তবে আসামি তোফাজ্জল হোসেন আশরাফুলের কাছ থেকে নথি সংগ্রহ করে কাটাকাটির বিষয়টি স্বীকার করেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। আর অন্য আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।