নরসিংদীতে এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক নারীকে অপহরণের অভিযোগে আদালতে দায়ের হওয়া মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, জিয়াউর রহমান (৩৯) নরসিংদীর রায়পুরা থানায় কর্মরত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে ১০ দিন আগে তাঁকে রায়পুরা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সূত্র জানায়, রায়পুরার নিলক্ষা গ্রামের মানিক মিয়া স্ত্রী পারভিন আক্তারকে রেখে কয়েক বছর আগে মালয়েশিয়া চলে যান। মানিকের ঘরে চুরির অভিযোগে একটি মামলা ছয় মাস আগে নরসিংদী সদর মডেল থানায় স্থানান্তরিত হয়। মামলা তদন্তের দায়িত্ব পড়ে জিয়াউরের ওপর। একপর্যায়ে পারভিনের সঙ্গে জিয়াউরের সখ্য গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। ২৯ নভেম্বর মানিক দেশে ফেরেন।

গত বৃহস্পতিবার মানিক বাদী হয়ে পারভিনকে অপহরণের অভিযোগ এনে জিয়াউরের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার আরজিতে ৬ ডিসেম্বর নরসিংদী রেলস্টেশন মার্কেট থেকে পারভিনকে অপহরণের কথা উল্লেখ করা হয়। পরে তাঁকে প্ররোচিত করে জিয়াউর বিয়ে করেন বলে অভিযোগ করা হয়। মামলাটি গতকাল নরসিংদী সদর মডেল থানায় রেকর্ড করা হয়। এরপর জিয়াউর ও পারভিনকে গ্রেপ্তার করা হয়।

মানিক মিয়া বলেন, ‘জিয়াউর আমার সুখের সংসার ধ্বংস করেছেন। তাঁর কারণে আমার দুই সন্তান আজ মা-হারা।’

অভিযোগ অস্বীকার করে জিয়াউর রহমান বলেন, ‘আইন মোতাবেক পারভিন তাঁর স্বামীকে তালাক দেওয়ার পরই আমি তাঁকে বিয়ে করেছি। আর মামলায় অপহরণের যে তারিখ উল্লেখ করা হয়েছে, সেদিন আমি নিলক্ষায় সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালন করছিলাম।’

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, জিয়াউর ও পারভিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।