নরসিংদীতে গুলিবিদ্ধ ৫, শিশু নিহত
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া (১২) নামের এক পথচারী শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন এক নারীসহ পাঁচজন পথচারী।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাটিরপাড়া এলাকার বকুলতলা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন মিয়া বকুলতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে। সে স্থানীয় রংধনু পরিবহনের চালকের সহকারী হিসেবে কাজ করত।
আহত পথচারীরা হলেন সদর উপজেলার শীলমান্দি এলাকার শাহাদত হোসেন (৪২), সাটিরপাড়া এলাকার স্বপন সাহা (৩৩), বকুলতলা এলাকার বিউটি সাহা (৪২), শওকত হোসেন (৪৪) ও সফিকুল ইসলাম (৩৫)। তাঁদের মধ্যে শাহাদত হোসেন ও শওকত হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দেওয়া ভাষ্য, আধিপত্য বিস্তার, বালু ব্যবসা ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহরের চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে শফিক পক্ষ ও ভূঁইয়া সোহেলের পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের বকুলতলা এলাকায় শফিকুলও তাঁর ৩০-৩৫ জন সমর্থক সশস্ত্র অবস্থান নেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে সাতজন অস্ত্রধারী তরুণ বকুলতলা এলাকায় এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছোড়া গুলিতে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঁইয়া সোহেল প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি কিছুই না। ঘটনার সময় আমি বাসায় ছিলাম। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে।’
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফারজানা শহীদ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মোট ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় এখানে নিয়ে এসেছিল। তাই তার নাম হাসপাতালের রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ করা হয়নি।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, কোন কোন পক্ষের মধ্যে এবং কী কারণে এই সংঘর্ষ তা জানা যায়নি। তবে অভিযোগ ওঠা ওই দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় এক শিশু ও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।