নরসিংদীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নরসিংদীর মাধবদীতে সায়মা বেগম নামের চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদ্রাসার আবাসিক ছাত্রীনিবাস কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্র জানায়, সায়মা (১২) মাধবদী পৌর শহরের রয়নাতুল সুন্নতে মাদ্রাসার ছাত্রী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া। বাড়ি সদর উপজেলার চরদিঘলদী গ্রামে। সায়মা মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিল। সে কিছুদিন বাড়িতে ছিল। রোববার তাকে ছাত্রীনিবাসে দিয়ে আসা হয়। গতকাল সকালে মাদ্রাসার এক শিক্ষক মুঠোফোনে পরিবারের লোকজনকে সায়মার অসুস্থতার কথা জানান। পরিবারের লোকজন গিয়ে দেখেন, সায়মার মুখ দিয়ে লালা বের হচ্ছে। প্রথমে তাকে নেওয়া হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর একটি বেসরকারি হাসপাতালে। পরে আনা হয় নরসিংদী সদর হাসপাতালে।
সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই সায়মার মৃত্যু হয়েছে। ওই সময় তার মুখ-নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। সদর মডেল থানার এসআই জাকারিয়া আলম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।