নরসিংদীতে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩
নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এলাকার একটি এমব্রয়ডারি কারখানার চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার ফুলছড়ির ঝিনুক মিয়া, শরীয়তপুরের আল-আমিন ও নারায়ণগঞ্জের ফতুল্লার মো. আল-আমিন।
পুলিশ ও কারখানা সূত্রের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার ভাটপাড়া এলাকার হানিফ এমব্রয়ডারি কারখানায় ১১ জুন ঝিনুক মিয়া ওরফে আরিফ মিয়া শ্রমিকের চাকরি নেন। ১৪ জুন কারখানায় কর্মরত ১২ জন শ্রমিককে সাহরির পর কৌশলে ঘুমের ওষুধ মেশানো কফি খাইয়ে অচেতন করেন ঝিনুক। পরে কারখানার সাতটি এমব্রয়ডারি মেশিনের যন্ত্রাংশসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কারখানার মালিক আবু হানিফ মাধবদী থানায় মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল গাফফার গত মঙ্গল ও বুধবার গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে ঝিনুক, আল আমিন ও মো. আল-আমিনকে গ্রেপ্তার করে।