নরসিংদীতে ছাত্র হত্যার ঘটনায় মামলা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের ব্রাহ্মন্দীর খালপাড় এলাকায় স্কুলছাত্র পারভেজ মিয়া (১৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নিহত ছাত্রের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে মামলাটি করেন। নিহত পারভেজ নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

গতকাল মঙ্গলবার দুপুরের খাবারের (টিফিন) বিরতির সময় পারভেজ ও তার সহপাঠী নুরুলকে পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় ডেকে নিয়ে যায় কয়েকজন সহপাঠী। সেখানে তারা পারভেজ ও নুরুলকে ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে খালের পানিতে ফেলে দেয়। এতে পারভেজ নিহত ও নুরুল গুরুতর আহত হয়।

আবদুস সাত্তার আজ বলেন, ‘ছেলের লাশ বুঝে পেয়েছি। এখন দাফনের জন্য গ্রামের বাড়ি রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে যাব।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পারভেজের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। এ ঘটনায় দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল দুপুরে টিফিন বিরতির সময় পারভেজ ও নুরুল বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়। এ সময় বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও রোমান মিয়া এবং অষ্টম শ্রেণির বায়েজিদ ভূঁইয়া দুজনকে ডেকে পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে চার-পাঁচজন মিলে পারভেজ ও নুরুলকে ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে খালের পানিতে ফেলে দেয়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। পরে পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নুরুল নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এন মিজানুর রহমান গতকাল বলেছিলেন, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে পারভেজের মৃত্যু হয়েছে। শক্ত কিছুর আঘাতে তার মাথার বাঁ দিকের খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। নুরুলের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার পর চেতনা ফিরলেও আতঙ্কিত থাকায় ঘটনার বিষয়ে তার সঙ্গে কথা বলা যায়নি।