নরসিংদীতে ছিনতাই হওয়া ২২৭ বস্তা চিনি নাটোরে উদ্ধার
নরসিংদী থেকে ছিনতাই হওয়া ২২৭ বস্তা চিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দ্বারিখৈর সাহেব বাজার থেকে গত বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক হওয়া তিনজন হলেন বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের লালন প্রামাণিক (৫৫), তাঁর ছেলে জুয়েল রানা (২৭) ও লালপুর উপজেলার তিলকপুর গ্রামের হাসান মাহমুদ (২৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত ৩০ এপ্রিল ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ৩২০ বস্তা চিনিবোঝাই ট্রাক নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় চিনির মালিক নরসিংদীর পলাশ উপজেলার নীলকমল রায় বেলাব থানায় মামলা করেন। ওই মামলায় নাটোরের লালপুরের পুকুরপাড়া গ্রামের ট্রাকচালক আমিরুল ইসলাম (৩০) ও তাঁর সহকারী বড়াইগ্রামের ভবানীপুর গ্রামের বাবুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নরসিংদীর বেলাব ও বড়াইগ্রাম থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাত আটটার দিকে দ্বারিখৈর সাহেব বাজারের ভাই ভাই স্টোরের গুদাম থেকে ২২৭ বস্তা চিনি উদ্ধার করে। এ সময় গুদামের মালিকসহ তিনজনকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে।