নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭
নরসিংদীতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আবদুর রহিম (৩৫) নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নরসিংদী জেলা হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার গভীর রাতে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে হতাহত ব্যক্তিরা গণরোষের শিকার হন। রহিম নিহত ব্যক্তিদের সহযোগী। নিহত কারও নাম-পরিচয় উদ্ধার করা যায়নি। তবে ধারণা করা যায়, প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে।
পুলিশ ও গ্রামবাসী জানান, পাঁচদোনা ইউনিয়নের চাকশাল, ভাটপাড়া, কুলাইট ও কাগশিয়া এ চারটি গ্রাম লাগোয়া। গ্রাম চারটির অবস্থান পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের পাশে। কয়েক মাসের ব্যবধানে গ্রামগুলোর বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি হয়। এর পর থেকে ওই জনপদে ডাকাত আতঙ্ক বিরাজ করছিল। ডাকাত প্রতিরোধে গ্রামবাসীর মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে ওঠে। এ অবস্থায় রোববার রাত সোয়া দুইটার দিকে ডাকাতেরা প্রথমে চাকশাল গ্রামের ব্যবসায়ী এরশাদ মিয়ার বাড়িতে হানা দেয়। বাড়ির উঠানে থাকা সিমেন্টের খুঁটি দিয়ে আঘাত করে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকে প্রথমে এরশাদ মিয়ার ছেলে আজিজুল হকের হাত-পা বেঁধে ফেলে। পরিবারের অন্য সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে। ওই বাড়ি থেকে ৪০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার, চারটি মুঠোফোন নিয়ে যায়।
আজিজুল হক বলেন, ‘দরজা ভাঙার শব্দে ঘুম থেকে উঠে, কে জিজ্ঞাসা করতেই তারা আইনের লোক পরিচয় দেয়। এরই মধ্যে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা গামছা দিয়ে আমার হাত ও পা বেঁধে ফেলে। পরে আমার জ্যাকেট দিয়ে মুখ বেঁধে চড়-থাপর মারতে শুরু করে।’
১৫ মিনিটের মধ্যে ডাকাতি শুরু এবং শেষ হয় বলে জানান আজিজুল।
একই সময় ডাকাত দলের তিন সদস্য হানা দেয় পার্শ্ববর্তী পরিবহন ব্যবসায়ী লোকমান মিয়ার বাড়িতে। ওই বাড়িটি নির্মাণাধীন একটি পাকা ভবন। ডাকাতেরা লোকমান মিয়ার মেয়ে লুৎফা আক্তারের কান ও গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এরশাদ মিয়ার বড় ছেলে আনিসুর রহমান বলেন, ‘ডাকাত বুঝতে পেরে লুকিয়ে আমি আমার মামা একই এলাকার আলেক চানকে ফোন করে ডাকাতির ঘটনাটি জানিয়ে দিই। পরে মামা ফোনে পার্শ্ববর্তী মসজিদের ইমাম এমদাদুল হক ও প্রতিবেশীদের জানিয়ে ডাকাত প্রতিরোধে ঘর থেকে বের হয়ে আসার অনুরোধ করেন।’
গ্রামবাসী জানান, কিছুক্ষণের মধ্যে অন্য তিন গ্রামের মসজিদের মাইক দিয়ে অনুরূপ প্রচার চালিয়ে ডাকাত প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকের প্রচারণা টের পেয়ে ডাকাতেরা আতঙ্ক ছড়াতে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে এক হাতে টর্চলাইট আরেক হাতে লাঠিসোঁটা নিয়ে কয়েক হাজার গ্রামবাসী ঘর থেকে বের হয়ে আসেন।
পরে জনতার প্রতিরোধে ধরা পড়ে যাওয়া আট ব্যক্তিকে ধানখেতে, কাদায় এবং পানিতে ফেলে পিটুিন দেন গ্রামবাসী। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হলেও আবদুর রহিম বেঁচে যান। পুলিশ এসে রহিমকে জনতার রোষানল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন রহিম জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাপাহাড় ইউনিয়নের ঝাউকান্দা গ্রামে। বাবার নাম সামসুল হক। ডাকাতি এবং ডাকাত দলের সহযোগী হিসেবে সঙ্গে থাকার কথা স্বীকার করলেও তাঁর পেশা মাছ ব্যবসা বলে দাবি করেন। তবে তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে সাত মাস জেল খেটে এক বছর আগে জামিনে মুক্তি পান।
রহিমের ভাষ্য: নারায়ণগঞ্জের কাঁচপুরের নয়াবাড়ি মহল্লায় স্ত্রী-সন্তান নিয়ে রহিম ভাড়াবাড়িতে থাকেন। যাত্রাবাড়ী থেকে মাছ কিনে পাতিলে করে শনির আখড়া এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করেন। ব্যবসা করতে গিয়ে এক বছর আগে আড়াইহাজারের কলাকান্দি এলাকার রেহান উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। রেহান ভ্যানগাড়িতে করে জুতা ও কাপড় বিক্রি করেন। জুতা ও কাপড়ের মন্দা মৌসুমে তাঁর কাছ থেকে মাছ নিয়ে সময় সময় শনির আখড়ায় বিক্রি করেন। বেড়ানোর কথা বলে রোববার দুপুরে রেহান তাঁকে নরসিংদী িড্রম হলিডে পার্কে নিয়ে আসেন। পরে রাত আটটার দিকে পাঁচদোনা ইউনিয়নের চৌয়া এলাকায় দুলাল মিয়ার বাড়িতে নিয়ে আসেন। সেখানে গিয়ে তিনি দুলালসহ আরও ১৩ জনকে দেখতে পান। তিনি তাঁদের কাউকে চিনতেন না বলে জানান। কথা বলার একপর্যায়ে বুঝতে পারেন দুলালের বাড়িতে বসে ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। কয়েক ঘণ্টা তাস খেলে আর চা সিগারেট খেয়ে সময় পার করার পর রাত সাড়ে বারোটার দিকে ডাকাতির উদ্দেশ্যে দুলালের ঘর থেকে বের হয়ে যান তাঁরা। দুলাল ছিলেন পরিকল্পনাকারী। পথ দেখিয়ে দুলাল কেটে পড়েন। দুলালের বাড়ি থেকে ঘটনাস্থল অন্তত ছয় কিলোমিটার। এ পথ তাঁরা হেঁটে যান। অস্ত্র হিসেবে সঙ্গে ছিল তিনটি টেঁটা, দুটি ছুরি, তিনটি শাবল ও কয়েকটি ককটেল।
রহিমের ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী প্রথমে ভাটপাড়ার লাল মিয়ার বাড়িতে হানা দেওয়ার কথা। কিন্তু ওই বাড়িতে নৈশপ্রহরী থাকায় সম্ভব হয়নি।
সরেজমিন: সরেজমিনে দেখা গেছে ভাটপাড়া গ্রামের সড়কজুড়ে উৎসুক জনতার িভড়। ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটারের মধ্যে ধানখেত থেকে চারটি এবং কুলাইট গ্রামের পুকুরপাড় থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ সকাল ১০টার দিকে পিকআপে করে লাশ নিয়ে আসে।
ওই সময় নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহেনা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ঘটনাটি ডাকাতি ছিল। জনতার পিটুনিতে ডাকাত দলের সাত সদস্য নিহত হয়। আটক ডাকাত সদস্য আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির পরিকল্পনাকারী দুলাল আন্তজেলার ডাকাত দলের সদস্য।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, অনেক দিন ধরেই এলাকাবাসী ডাকাত আক্রান্ত। ডাকাতি মোকাবিলায় গ্রামবাসী ঐক্যবদ্ধ ছিল।
এদিকে বিকেল চারটার দিকে চৌয়া গ্রামের বাড়িতে গিয়ে দুলালকে পাওয়া যায়নি। তাঁর পাকা ভবন ও টিনশেডের ঘর দুটি তালাবদ্ধ অবস্থায় ছিল। দুলালের ভাই সোনা মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বলেন, রোববার রাতে বাড়িতে লোকজন এসেছিল কি না, তা তিনি জানেন না এবং দেখেননি। তালা দিয়ে দুলাল ও পরিবারের অন্য সদস্যরা কোথায় গেছে তা-ও বলে যাননি।
চৌয়া গ্রামবাসী জানিয়েছেন, দুলাল এলাকায় ডাকাত হিসেবে পরিচিত।
মামলা: নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। ১ হাজার ৫০০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ। আর ডাকাতির মামলাটি করেন আনিসুল ইসলাম। ডাকাতির মামলায় ১২-১৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।