নরসিংদীতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মোকলেস খাঁ (৫৫), গোপিন্দি এলাকার আমিন মিয়া (২২), শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিঝুড়ি এলাকার তুহিন মিয়া (২৬), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোমপাড়া এলাকার দোলোয়ার হোসেন (২৩) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার মো. হীরা (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চার-পাঁচজনের একদল ডাকাত পুরিন্দা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, চাপাতি, ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআই আবদুল গাফফার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা একটি পিকআপ ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের বিরুদ্ধে গতকাল সোমবার ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।