নরসিংদীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর সহায়তায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বাসাইল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার তরুণ পাঁচতলা ওই বাড়ির দ্বিতীয় তলায় যায়। সেখানে বাড়ির মালিক নুরজাহান বেগম থাকেন। বাসার ভেতরে প্রবেশ করেই তরুণেরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে। এ সময় কয়েকজন চিৎকার করলে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে তারা।

তাঁদের চিৎকারে বাড়ির নিচতলার এক ভাড়াটে ডাকাত সন্দেহে বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে দেন। পরে পার্শ্ববর্তী মসজিদে মাইকিং করলে আশপাশের লোকজন বাড়িটি ঘেরাও করে ফেলেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নুরজাহান বেগম বলেন, ‘বাসা ভাড়া নেওয়ার কথা বলে চারজন বাসায় ঢোকে। দরজা খুলতেই তারা অস্ত্র দিয়ে জিম্মি করে। কোনো শব্দ করতে নিষেধ করে। এর মধ্যে আমার ছোট ছেলে চিৎকার শুরু করে। তাদের কাছে একটি পিস্তল ও একটি চাপাতি দেখেছি। পরে এলাকাবাসী ও পুলিশ এলে তারা সিঁড়িতে চলে যায়।’

রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আমরা ধারণা করছি, তারা ডাকাতি করতেই ওই বাড়িতে ঢুকেছিল। তাদের দলে ১০-১২ জন ছিল। এর মধ্যে চারজন বাড়িতে ঢুকেছিল আর বাকিরা বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল। বাইরে থাকা সবার কাছেই অস্ত্র ছিল। তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। আটক তরুণেরা তাদের মুঠোফোন ও সিম ধ্বংস করে ফেলেছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক তরুণদের সঙ্গে নিয়ে বাকিদের আটক করতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলছে।