নরসিংদীতে তরুণ ও গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্কুলছাত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক তরুণ ও এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া শহরে এক স্কুলছাত্রী খুন হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার নরসিংদী শহর ও পলাশ উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শহরের হাজীপুর এলাকার শুভ দাস (২২), ভেলানগর এলাকার রিয়া আক্তার (১৫) ও পলাশের টেঙ্গরপাড়া এলাকার নাসরিন আক্তার (২৮)।

পুলিশ ও শহরের স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হাজীপুর সেতুসংলগ্ন এলাকায় কয়েকজন তরুণ দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে একজনের সঙ্গে অন্যরা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সবাই মিলে ওই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আহত তরুণের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় শুভকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, ‘শুভকে গ্রেপ্তারে আমরা বিভিন্ন সময়ে একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছি। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে সহকর্মীদের হামলার শিকার হয়েছেন তিনি। তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

পলাশের টেঙ্গরপাড়া এলাকায় নিহত গৃহবধূ নাসরিন আক্তারের ছোট ভাই আল আমিন বলেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর বোন বাবার বাড়িতে থাকতেন। গতকাল সকালে বোনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে ভেতরে ঢুকে নাসরিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ সময় তাঁর পরনে কিছু ছিল না। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বুঝতে পারছেন না বলে জানান আল আমিন।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার দত্ত বলেন, নিহত নাসরিনের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভেলানগর এলাকার নিহত স্কুলছাত্রী রিয়ার পরিবার সূত্রে জানা গেছে, রিয়ার বাবা রিয়াজুল ইসলাম গাজীপুরে চাকরি করেন। মা ও বোনের সঙ্গে সে ভেলানগরে নানাবাড়িতে থাকত। দেড় বছর ধরে মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের আকানগর এলাকার আলমগীর হোসেন নামের এক তরুণ রিয়ার নানাবাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করতেন। রিয়া ও আলমগীরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি সম্প্রতি রিয়ার পরিবারের লোকজন জানতে পেরে তাদের বিয়ের আলোচনা শুরু করেন। গত রোববার রাতে রিয়ার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এলে রিয়ার ঘরের দরজা খুলে আলমগীর পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়া স্থানীয় কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, সুরতহালে রিয়ার গলায় নখের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।