নরসিংদীতে তরুণ মুন্সিগঞ্জে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় গতকাল শুক্রবার সকালে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রনি মিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংশপুরা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কৃষককে হত্যা করা হয়।
নিহত রনি মিয়া নিলক্ষীয়া গ্রামের মো. মোক্তার মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রিকশা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের বাবুল মিয়ার সঙ্গে রনি মিয়ার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে নিলক্ষীয়া বাজারে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর বাবুলের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে রনির ওপর হামলা চালান। এ সময় বল্লমের কয়েকটি আঘাতে রনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা পালিয়ে যান। এলাকাবাসী রনিকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংশপুরা গ্রামে নিহত কৃষকের নাম মো. শাহিন দেওয়ান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নামাজ না পড়ায় শাহিন দেওয়ান তাঁর সাত বছরের মেয়ে সাদিয়াকে বৃহস্পতিবার সকালে মারধর করেন। এ সময় শাহীনকে থামানোর চেষ্টা করেন তাঁর চাচাতো বোন মজিতুননেছা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাহিন তাঁকেও মারধর করেন। পরে সন্ধ্যায় মজিতুননেছা ঘটনাটি ভাই রিয়াজুল দেওয়ান ও আমির হোসেনকে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রিয়াজুল ও আমির কংশপুরা গ্রামের আবু ব্যাপারীর বাড়ির ঘাটে গিয়ে শাহিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। একপর্যায়ে প্রতিবেশীরা এসে শাহিনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।