নরসিংদীতে তাঁতশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
নরসিংদীতে এক তাঁতশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার মাধবদী থানার আলগী কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শ্রমিকের নাম খোকন মিয়া (৩০)। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, খোকন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চরপাড়া এলাকার একটি বস্ত্রকলে কাজ করতেন। তাঁর বাড়ি মাধবদী থানার আলগী কান্দাপাড়া এলাকায়। বাড়ির কাছে একটি মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় খোকনের ভাইয়ের ছেলে পড়াশোনা করে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে খোকন তাঁর ভাইয়ের ছেলের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা সামনে এগোনোর পর কয়েকজন লোক এসে খোকনকে ছুরিকাঘাত করতে থাকেন। গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খোকনের বড় ভাই আবুল কালাম বলেন, তাঁদের বাড়ির পাশে স্থানীয় নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী বস্ত্রকল স্থাপন করেছেন। বস্ত্রকলের কাছে তাঁদের জমি আছে। বস্ত্রকলের সুবিধার জন্য খোকনের কাছে এই জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়। খোকন এতে রাজি হননি। হত্যার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।
লাশ উদ্ধার
আমাদের নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শাখা অফিস থেকে এক অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মনিরুল ইসলাম (৪২)। বাড়ি কুষ্টিয়া জেলা সদরে। পুলিশ গতকাল রোববার সকালে জানালার গ্রিল কেটে লাশটি উদ্ধার করে।