নরসিংদীতে তিন সহোদর হত্যার অভিযোগে ভাই আটক
নরসিংদী সদর উপজেলায় আপন ছোট তিন ভাইবোনকে খুন ও বড় ভাইকে কুপিয়ে জখমের অভিযোগে এক ভাইকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার আলোকবালি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল মিয়াকে (২২) পুলিশ গতকাল বুধবার সকালে আটক করে।
ভাইয়ের হাতে নিহতরা হলো মার্জিয়া বেগম (৬), মরিয়ম বেগম (৮) ও ইয়াছিন মিয়া (১০)। আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম (২৫)। হতাহত ও অভিযুক্ত সবাই এলাকার আবু কালামের সন্তান।
পুলিশ ও এলাকাবাসী বলেছে, পরিবারের বড় ভাই আতিকুলের বিয়ের উদ্যোগ নিয়ে মেজ ভাই রুবেলের দ্বিমত ছিল। রুবেলের স্ত্রী এ নিয়েই তাঁর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। স্ত্রী-সন্তান বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে রুবেল ছোট তিন ভাইবোনকে নিজের ঘরে রাখবেন বলে মাকে জানান। পরে তিনি ওই ভাইবোনদের ঘরে নিয়ে দরজা আটকে দেন এবং শ্বাসরোধে তাদের হত্যা করেন। সেদিন রুবেলের বাবা ও আরেক ভাই ব্যবসার কাজে ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন।
আহত আতিকুল ইসলাম বলেন, রুবেল রাত ১২টার দিকে মাদ্রাসায় গিয়ে মায়ের অসুস্থতার কথা জানান। পরে দুজনে বাড়ির দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছেই রুবেল তাঁকে দা দিয়ে কোপাতে থাকেন। প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে হতাহত ও অভিযুক্ত ব্যক্তির মা কুলসুম বেগম বলেন, বড় ছেলের বিয়ে নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। কিন্তু এ কারণে এক ছেলে তিন ভাইবোনকে হত্যা করবে তা তিনি চিন্তাও করতে পারেননি।
পুলিশি হেফাজতে থাকা রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, তাঁর ক্ষোভ বড় ভাইয়ের ওপর। সুযোগ থাকলে মা ছাড়া বাকি সবাইকে হত্যা করতেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।