নরসিংদীতে তুচ্ছ ঘটনায় হামলা, শ্রমিক নিহত
নরসিংদীতে কথা-কাটাকাটির জের ধরে হামলায় রুবেল মিয়া নামের (২৫) এক তাঁতশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল রায়পুরা উপজেলার কাট্টাখালী এলাকার জাবেদ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শহরের চৌয়ালা এলাকার ইসলাম টেক্সটাইলের তাঁতশ্রমিক রুবেল মিয়ার সঙ্গে একই কারখানার ড্রয়ারম্যান আবুল বাশারের কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।
এ ঘটনার জের ধরে আবুল বাশার তাঁর বড় ভাই আবদুর রহমানকে খবর দিয়ে কারখানায় নিয়ে এসে দুজন মিলে রুবেলের ওপর হামলা চালান। এতে রুবেল গুরুতর আহত হন। পরে কারখানার অন্য শ্রমিকেরা রুবেলকে প্রথমে জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রুবেলের বাবা দুজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।