নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ইয়াকুব আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের মহাজন বাড়ির নাসু মিয়া এবং সরকার বাড়ির আমির হোসেন মাস্টারের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় ১০ জন আহত হন। তাঁদের মধ্যে জনাব আলী, সুমেল মিয়া, নুরু মিয়া, শরীফ হোসেন ও মোমেন মিয়াকে নরসিংদীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মহাজন বাড়ির নাসু মিয়া ও সরকার বাড়ির আমির হোসেন মাস্টারের পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে নাসুর পক্ষের লোকজন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে আমির হোসেন মাস্টারের লোকজনও পাল্টা হামলার প্রস্তুতি নেয়।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা, বল্লম, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে প্রতিপক্ষের টেঁটার আঘাতে ঘটনাস্থলেই নাসু মিয়ার পক্ষের ইয়াকুব আলী নিহত হন। এ ঘটনায় নাসুর লোকজন সরকার বাড়ির নূরু মিয়ার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ এবং নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।