নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে আহাম্মদ আলী ওরফে বাবু (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ আলী সাটিরপাড়া এলাকার আবদুস শহীদের ছেলে। সে সাটিরপাড়া কে কে ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি, গতকাল রাত দেড়টার দিকে চারজনের একটি দল উত্তর সাটিরপাড়া এলাকার আবদুস শহীদের বাড়িতে ঢোকে। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় ওই দলের সদস্যরা গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই আহাম্মদ আলী মারা যায়। গুরুতর আহত শহীদ, মোহাম্মদ, অমিত ও জয়নালকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

পাশের বাড়ির মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাতে আমার পরিবারের সদস্যরা ডাকাতদের কথা শুনে ঘুম থেকে আমাকে ডেকে তোলে। জানালা খুলে দেখি, চারজন মাথা নিচু করে দেয়ালের ওপর দিয়ে হেঁটে শহীদ ভাইয়ের বাড়িতে যাচ্ছে। পরে আমি “ডাকাত” বলে চিৎকার শুরু করলে তারা লাফিয়ে শহীদ ভাইয়ের বাড়িতে ঢোকে। পরে গুলির আওয়াজ শুনতে পাই।’

পুলিশ এ ঘটনাকে ডাকাতি বলে মনে করছে না। নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ‘ঘটনাটি যদি ডাকাতি হতো, তাহলে তারা ঘরে ঢুকে জিনিসপত্র লুট করত। কিন্তু তারা শুধু গুলি করে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘নিহত আহাম্মদের মা আমাদের বলেছেন পার্শ্ববর্তী নূরজাহানের সঙ্গে তাঁদের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে।’ পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।