নরসিংদীতে ধরা পড়ছে না আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাঞ্চল খ্যাত নরসিংদীতে গত দেড় বছরে মানব পাচারের অনেক ঘটনা ঘটলেও থানা ও আদালতে মামলা হয়েছে ৫১টি। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব মামলার অধিকাংশ আসামিকে ধরতে পারছে না।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে জেলার ছয়টি থানা ও আদালতে মামলা হয়েছে ৫১টি। এর মধ্যে অভিযোগপত্র দাখিলের পর বিচারের অপেক্ষায় রয়েছে ২৯টি মামলা। তদন্তাধীন রয়েছে ২০টি। অভিযোগ উঠেছে, মামলার তদন্তে অভিযুক্ত দালালদের কেউ গ্রেপ্তার হচ্ছে না। বরং আইনের সহায়তা নেওয়ায় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে দালাল চক্র।
অনুসন্ধানে জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রতারণা, জেল, নির্যাতন, আর্থিক ক্ষতি ছাড়াও প্রাণহানির শিকার হচ্ছে নরসিংদীর অসংখ্য মানুষ। ২০১৪ সালের মে মাসে নদীপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে প্রাণ হারান সদর উপজেলার নুরালাপুর গ্রামের আসাদ মিয়া (৩৬), কাউসার মিয়া (৩০), মহসিন মিয়া (৩৫) ও আবদুল মোতালিব মিয়াসহ (৩১) ছয়জন।
সরেজমিনে জানা গেছে, জেলাজুড়ে মানব পাচারে কয়েকটি স্তরে দালালেরা কাজ করে। দালালদের নজর থাকে হতাশাগ্রস্ত বেকার যুবক, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, শিল্প-কারখানার শ্রমিক, রিকশাচালকসহ অশিক্ষিত উঠতি বয়সীদের দিকে। এর মধ্যে দালালের খপ্পরে পড়ে চলতি বছরের শুরুতে সগরপথে বিদেশে পাড়ি জমাতে গিয়ে নিখোঁজ হন নরসিংদী পৌর এলাকার ভাগদী মহল্লার চার যুবক। তাঁদের মধ্যে অহিদ মিয়া নামের একজন দালালদের নির্যাতনে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। জাইদুল খন্দকার, নজরুল ইসলাম ও সাদেক মিয়া নামের অন্য তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জাইদুল খন্দকারের মা জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার পোলাডারে থাইল্যান্ড নিব কইয়া বাড়ি থেইকা নিছে চৌয়ালার দালাল জামাল হোসেন। এর দেড় মাস পরে বিদেশ থেইকা ছেলে ফোন কইরা কইছে, জামালরে তিন লাখ টেহা (টাকা) না দিলে মাইরা ফালাইব। কী আর করার। অনেক কষ্ট কইরা জামালরে টেহা দিছি, কিন্তু এরপর থেইকা জাইদুলের আর খবর নাই।’ জাইদুলের বড় ভাই এমরান খন্দকার বলেন, ‘মেয়রের কাছে বিচার দিছি, এর লাইগা জামাল আমারে মাইরা ফালাইব কইয়া
হুমকি দিতাছে।’
মালয়েশিয়ায় নিহত অহিদ মিয়ার স্ত্রী বর্তমানে বাসাইল মহল্লার বাসিন্দা ফরিদা বেগম বলেন, তাঁর স্বামী অহিদ মিয়া কিছু না বলে গত অক্টোবরের শেষের দিকে নদীপথে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিন সপ্তাহ পর মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে অহিদ মিয়া ফোনে তাঁকে চৌয়ালার দালাল জামালের মায়ের কাছে টাকা পরিশোধের কথা বলেন। সে অনুযায়ী স্বামীকে বাঁচাতে কয়েক দফায় ধারদেনা করে আড়াই লাখ টাকা দালাল জামাল হোসেনকে দেওয়ার পরও হত্যা করা হয় তাঁকে।
একইভাবে দালাল চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ রয়েছেন মনোহরদীর বারুদিয়া এলাকার কিরণ মিয়া (২৩), চঙ্গভাঙ্গা এলাকার রাকিবুল হাসান (১৫), গজারিয়া এলাকার সোহেল মিয়া, শিবপুর উপজেলার গাবতলী এলাকার বাতেন মোল্লা, রায়পুরা উপজেলার শেরপুর এলাকার মো. শফিক, মো. মোক্তার হোসেন, মানিক মিয়া, বাঙ্গালীনগর এলাকার রহমত উল্লাহ, হাসনাবাদ এলাকার শাহ আলম, নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার রাসেল মিয়া (২৬), চরভাষানিয়া এলাকার মো. শহিদুল্লাহ (৩০), শুভ মিয়া, আবুল বাশার, তারিকুল ইসলাম, মাসুম মিয়া, আক্তার হোসেন, মনির হোসেন, গোলাম রহমান, বাউশিয়া এলাকার মো. অলিউল্লাহ, শ্রীনগর এলাকার মো. রাজীব মিয়া (১৮), রসুলপুর এলাকার সুমন মিয়া (১৮), হৃদয় মিয়া (১৫), পূর্ব দত্তপাড়া এলাকার আমির হোসেন (১৯), শিমুলের কান্দি এলাকার আবদুল গাফফারসহ অনেকে।
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘ঘটনার তুলনায় অভিযোগ তেমন পাওয়া যাচ্ছে না। আমরা যেসব অভিযোগ পেয়েছি, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’