নরসিংদীতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
নরসিংদীতে পুলিশের হাতে আটক থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গণপিটুনিতে তাঁর মৃত্যু ঘটে।
নিহত দ্বীন ইসলাম নরসিংদী শহরের পশ্চিম ভেলানগর এলাকার আবদুর রহমানের ছেলে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ গতকাল নিজ বাড়ি থেকে দ্বীন ইসলামকে আটক করে। পরে নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি একটি ডাকাতির ঘটনায় ইসমাইল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর দ্বীন ইসলামের নাম আসে। গতকাল সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দ্বীন ইসলামের বাড়িতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর পিটুনিতে তিনি আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
তবে দ্বীন ইসলামের মা সাবিয়া বেগম অভিযোগ করেন, সকাল ছয়টায় ডিবি পুলিশ তাঁর ছেলেকে বাসা থেকে ধরে নিয়ে যায়। পুলিশ পাঁচ লাখ টাকা নিয়ে ডিবি অফিসে যেতে বলেছিল। পরে ডিবি অফিসে গেলেও সারা দিন তাঁদের ঢুকতে দেয়নি।
টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল গাফফার বলেন, দ্বীন ইসলামকে ধরতে বাসায় গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। তখন এলাকাবাসী ধরে পিটুনি দেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম এন মিজানুর রহমান বলেন, দ্বীন ইসলামের ডান পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তবে কোন আঘাতে মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তের পর বলা যাবে।