নরসিংদীতে পুলিশের গুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে আজ রোববার রাতে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে না দেওয়ায় ইমামকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা (৫০) একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের থাকতে দেওয়া হয় না। তবে দুপুরে তাবলিগের ২০-২৫ জন ওই মসজিদে যান। এ সময় মসজিদের ইমাম আলী আকবর (৩৮) এলাকাবাসীর সিদ্ধান্তের বিষয়টি তাঁদের জানান। কিন্তু তাঁরা এলাকাবাসীর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। এ ঘটনায় ইমাম পুনরায় মসজিদ ত্যাগ করার কথা বললে তাবলিগের লোকজন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলামকে বিষয়টি জানান। এ ঘটনায় এসপি পুলিশ পাঠিয়ে আলী আকবরকে আটক করান। এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এলাকার শফিকুল ইসলাম, জাহের উদ্দিন, রোকন মিয়া, মামুন মিয়া, মফিজ উদ্দিন, হাবিবুর রহমান, আলম মিয়া, জামাল মিয়া, বুলেট মিয়া, ময়দর আলীসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা কমপ্লেক্স, নরসিংদী জেলা হাসপাতালসহ ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবাশীষ সাহা বলেন, ‘আমার হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।’

নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক সাব্বির আহমেদ বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। নিহতের মাথায় গুলি লেগেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।’