নরসিংদীতে গতকাল বৃহস্পতিবার নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ ঠেকিয়েছে সহপাঠীরা। একই দিন ফেনী, ফরিদপুর ও টাঙ্গাইলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে তিনটি বাল্যবিবাহ।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ একটি বাল্যবিবাহোত্তর ভোজসভা পণ্ড করে দিয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদীর মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের একটি গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল গতকাল। তার সহপাঠীদের চেষ্টায় বাল্যবিবাহটি বন্ধ হয়েছে।
জানা গেছে, মেয়েটির সহপাঠীরা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য। তারা সহপাঠীর বিয়ের খবরটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মেহেদি হাসানকে জানায়। মেহেদি হাসান তখন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা আমাকে ফোন করলে আমি ১০৯-এ ফোন করে বাল্যবিবাহের বিষয়টি জানিয়ে দিই। তারা নরসিংদীর মহিলাবিষয়ক অধিদপ্তরকে জানায়। অধিদপ্তর স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে জানালে তিনি বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করেন।
ফেনী শহরের একাডেমি এলাকার একটি মিলনায়তনে দুপুরে এক কিশোরীর (১৫) বিয়ের আয়োজন চলছিল। বর সদর উপজেলার একটি গ্রামের। মেয়েটির বাড়ি ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি গ্রামে। এই বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে মিলনায়তনে হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন। ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে কনের বাবার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তিনি বিয়ে বন্ধ করে দেন এবং অতিথিদের জন্য তৈরি খাবারগুলো এতিমখানার শিশুদের জন্য পাঠিয়ে দেন। বিয়ে বন্ধের খবর পেয়ে বরযাত্রীরা দ্রুত পালিয়ে যান।
ফরিদপুরের সদরপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১২ বছরের এক শিশু। সে সদর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে।
সদরপুরের ইউএনও পূরবী গোলদার বলেন, ‘গত বুধবার শিশুটির গায়েহলুদ হয়। খবরটি আমরা জেনে যাই। গতকাল ধর্ম পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর শিশুটিকে পরীক্ষার হল থেকে নিয়ে সরাসরি তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বিয়ের গেট, মাইক বাজানো ও রান্নার আয়োজনসহ বিয়ের প্রস্তুতি দেখা যায়।’
সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, পরে শিশুটির মা ও বাবা ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে ইউএনওকে মুচলেকা দেন।
টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও বেগম শাহীনা আক্তার বলেন, উপজেলার এলেঙ্গা পৌর এলাকার এক জেএসসি পরীক্ষার্থীর বিয়ের উদ্যোগ নিয়েছিল তার বাবা। খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় মেয়ের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দুপুরে একটি বাল্যবিবাহোত্তর ভোজসভা পুলিশের বাধায় পণ্ড হয়। তবে পরে কনেকে বরের বাড়িতে পাঠানো হয়েছে। বাল্যবিবাহের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবদুর রশিদ বলেন, ‘সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে হয়েছে শুনে আমরা দুপুরে অনুষ্ঠানস্থলে যাই। সেখানে ভোজসভার প্যান্ডেল ভেঙে অনুষ্ঠান বন্ধ করি।’ তিনি বলেন, মেয়েটি বাড়ি থেকে পালিয়ে আদালতে গিয়ে বিয়ে করেছে বলে তাঁকে জানিয়েছেন মেয়েটির বাবা। তবে তিনি বিয়ের কোনো কাগজ দেখাতে পারেননি।