নরসিংদীতে বিয়েবাড়িতে হামলা-লুটপাট আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক বিয়েবাড়িতে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজন আহত হয়েছে।
স্থানীয়া ব্যক্তিরা জানান, কোতালিরচর এলাকার খলিলুর রহমানের সঙ্গে একই এলাকার মফিজ উদ্দিন ও অহিদ মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান। গতকাল রোববার খলিলুর রহমানের ছোট বোন হালিমা বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ মফিজ ও অহিদের নেতৃত্বে শহিদ মিয়া, আজিজুল ইসলাম, খলিল, উজ্জ্বল মিয়া, কাজল হোসেনসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে খলিলুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান, নূর আলম, ভাতিজা আবুবকর ও মোবারক হোসেন আহত হয়। এ সময় হামলাকারীরা অনুষ্ঠানে কনে ও অতিথিদের কাছ থেকে দেশীয় অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালংকারসহ কয়েকটি মুঠোফোন নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী ও বিয়েবাড়ির লোকজন।
খলিলুর রহমান বলেন, ‘বিয়ে পড়ানোর পর মোনাজাতের সময় হঠাৎ মফিজ ও অহিদের নেতৃত্বে ৮-১০ জন চাপাতি নিয়ে ধর ধর করে হামলা চালায়, তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় তারা আমার ছোট বোনসহ মেয়েদের কাছ থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন নিয়ে যায়।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন বলেন, ‘বিয়েবাড়িতে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যতদূর জানি, খলিলদের সঙ্গে অহিদ ও মফিজদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এই হামলা হয়েছে।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো.শাহ আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই বিয়েবাড়িতে হামলা চালিয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।