নরসিংদীতে ভিজিএফ কার্ড নিয়ে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ গোষ্ঠীর খাদ্যসহায়তা (ভিজিএফ) প্রকল্পের কার্ড নিয়ে গত শনিবার নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হেয়ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে নজরপুর ইউনিয়নের জন্য ২ হাজার ৫৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ হয়। শনিবার দুপুরে পিআইও শহিদুল ইসলামের উপস্থিতিতে নজরপুর ইউপি কমপ্লেক্সে চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ভিজিএফ কার্ড বিতরণ ও প্রস্তুতি সভা হয়। সভায় উপস্থিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল সরকার ৭০০টি কার্ড দাবি করেন। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে বাদলকে চেয়ারম্যান জালাল থাপড় দেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। উপস্থিত লোকজন দুজনকে শান্ত করেন।
পুলিশ জানায়, সভা শেষে দুই পক্ষের লোকজন বের হওয়ার পরপরই আবার উত্তেজনা দেখা দেয়। তখন জালাল তাঁর শটগান দিয়ে ফাঁকা গুলি ছুড়লে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় বাদল সরকার বাদী হয়ে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জালাল সরকারকে প্রধান আসামিসহ চারজনের নাম উল্লেখ করে শনিবার রাতে দ্রুত বিচার আইনে মামলা করেন। রাত ১১টার দিকে পুলিশ জালালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বিকেলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে হাজির করে তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জালাল চেয়ারম্যানের ছোট ভাই বাহাউদ্দিন সরকার বলেন, ‘আমার ভাই বিএনপি-সমর্থিত চেয়ারম্যান। তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতির নাকি ৭০০ কার্ড ছাড়া হবে না। অস্বীকৃতি জানালে তিনি আমার ভাইয়ের ওপর হামলা চালান। আত্মরক্ষা করতে গিয়ে তিনি (জালাল) লাইসেন্স করা শটগান থেকে ফাঁকা গুলি ছোড়েন।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল বলেন, ‘আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভিজিএফের কার্ড বিতরণে দুর্নীতি হচ্ছে, এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। এর প্রতিবাদ করলে তিনি (চেয়ারম্যান) সবার সামনে আমাকে মারধর শুরু করেন। শটগান দিয়ে গুলি ছোড়েন।’
পিআইও শহিদুল ইসলাম বলেন, ‘সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের নেতা সভায় ছিলেন। তাঁরা কেন যেন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।’