নরসিংদীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত সুজন মিয়া নামের এক তরুণ গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত বুধবার রাতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে আহত করেন।
পুলিশ ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়া নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। সুজনের সঙ্গে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রেখা বেগমের ছেলে কামাল, দত্তপাড়া এলাকার ফয়সাল মিয়া ও শিপলু মিয়ার বন্ধুত্ব ছিল। রেখা বেগমের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আছে। সুজন ইয়াবা ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন। এতে রেখা ও তাঁর অনুসারীরা সুজনের ওপর ক্ষুব্ধ ছিলেন। বুধবার সুজন ঢাকা থেকে নরসিংদী ফিরছিলেন। পথে তাঁকে ডেকে শহরের দড়িপাড়া গ্রামের আবেদ আলীর বাড়ির পাশের রাস্তায় নিয়ে যান কামাল ও ফয়সাল। সেখানে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুজনকে গুরুতর আহত করেন। এ সময় তাঁর ঊরু ও বুকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুজনের বড় ভাই সুমন মিয়া বাদী রেখা বেগমকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা করেন। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ছয়জনকে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সুজন হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর থেকে রেখা বেগম আত্মগোপনে আছেন।
তবে রেখা বেগম সাংবাদিকদের কাছে সুজন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথাও অস্বীকার করেন তিনি।