নরসিংদীতে মুদি দোকানিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে চিত্তরঞ্জন আর্য্য (৪৮) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার রগুনাথপুর চৈতাব এলাকায় এ ঘটনা ঘটে। অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে যুক্ত বার্তা সংস্থা আমাককে উদ্ধৃত করে বলেছে, জঙ্গি সংগঠনটির যোদ্ধারা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
চিত্তরঞ্জনকে ‘হিন্দু পুরোহিত’ বলে উল্লেখ করেছে সাইট।
চিত্তরঞ্জন রগুনাথপুরের চান মোহন আর্য্যের ছেলে। দুর্বৃত্তরা ঢাকা-সিলেট মহাসড়কের তালহা টেক্সটাইলের পাশে নিজ মুদি দোকানে চিত্তরঞ্জনকে কুপিয়ে আহত করে। মাধবদী থানার ওসি মো. ইলিয়াছ বলেন, চিত্তরঞ্জন সেবায়েত বা পুরোহিত বলে বলাবলি হলেও তা সত্য নয়। রগুনাথপুর শ্রীশ্রী কালীমন্দিরের কাছে তাঁর বাড়ি বলেই এসব প্রচার করা হচ্ছে।
বাড়ির সামনেই চিত্তরঞ্জনের দোকান। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন লোক তাঁর দোকানের সামনে আসে। এদের মধ্যে দুজন মুখোশ পরিহিত ছিল। কোনো কিছু বোঝার আগেই মুখোশ পরিহিত দুজনের হাতে থাকা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে কুপিয়ে জখম করে। তাঁর আর্তচিৎকারে বাড়ি থেকে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন আসা শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন ঘটনাস্থল থেকে চিত্তরঞ্জনকে উদ্ধার করে প্রথমে পাঁচদোনা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলাকারীরা চাপাতি দিয়ে চিত্তরঞ্জনের মাথা, ঘাড়, হাত ও পেটে কুপিয়ে জখম করেছে। পুলিশ ঘটনাস্থলে থেকে হামলায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ওসি বলেন, বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।