নরসিংদীতে শিক্ষককে কুপিয়ে জখম
নরসিংদী শহরের চিনিশপুর এলাকায় গত রোববার রাতে আনোয়ার হোসেন ভূঞা (৫০) নামের এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ারের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
আনোয়ার রাজধানীর মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আনোয়ারের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারের গ্রামের বাড়ি জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। তিনি শহরের চিনিশপুর এলাকায় খলিল ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকেন। গত রোববার রাতে তারাবি নামাজ শেষে বাসায় ফিরে শুয়ে পড়েন আনোয়ার। রাত আনুমানিক দেড়টার দিকে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত বাড়ির ফটকের দুটি তালা কেটে দোতলায় দরজা ভেঙে আনোয়ারের ফ্ল্যাটে ঢোকে। পরে ফ্ল্যাটের অন্য কক্ষগুলোর দরজা বাইরে থেকে আটকে দিয়ে আনোয়ারের কক্ষে ঢোকে দুর্বৃত্তরা। পরে তারা চাপাতি দিয়ে আনোয়ারের মাথায় কোপ দেয়। ওই সময় আনোয়ার বাধা দিতে গিলে চাপাতির কোপে তাঁর বা হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্বৃত্তরা চলে গেলে আনোয়ার নিজে পাশের কক্ষগুলো খুলে দেন। পরে তাঁর ছোট ভাই আওলাদ হোসেন ভূঞা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে জেলা হাসপাতাল ও পরে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ফ্ল্যাটের মূল দরজার অ্যাঙ্গেল ভাঙা। দরজা থেকে আনোয়ার হোসেনের শোবার ঘরের পুরো মেঝেতে রক্ত লেগে আছে।
আওলাদ হোসেনের স্ত্রী মোসলেমা সরকার বলেন, ‘চিৎকার-চেঁচামেচি শুনে আমরা দরজা খুলতে গিয়ে দেখি, বাইরে থেকে আটকানো। পরে বড় ভাই (আনোয়ার) নিজেই দরজা খুলে দেন। ওই সময় ওনার মাথা, মুখ ও পুরো শরীর রক্তে মাখা ছিল। এর মধ্যে তাঁর বাঁ হাতের দুটি আঙুল পুরোপুরি কাটা ছিল।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম বলেন, ‘এ ব্যাপারে আনোয়ারের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি।’