নরসিংদীতে শ্রমিক লীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ওমর ফারুক (২৫) নামের শ্রমিক লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা শহরের বীরপুর উত্তরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে তাঁর লাশ পাওয়া যায়।
ফারুক নরসিংদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে ফারুকের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাঁর গলাকাটা লাশ দেখতে পায়। পুলিশ রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফারুকের বাবা আবুল কাশেম বলেন, সোমবার রাতে ফারুকের চাচাতো ভাই রাজনকে মারধর করলে ফারুক এর প্রতিবাদ করে। সে জন্যই তাঁকে হত্যা করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম বলেন, ওমর ফারুক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা রয়েছে।