নরসিংদীতে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে সদর উপজেলার নগর পাঁচদোনায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মেজো মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৬২)। বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মেজো মিয়ার বাড়ি একই জেলার রায়পুরায়। আইয়ুব আলী সবজি বিক্রির জন্য পাঁচদোনা যাচ্ছিলেন। পথে নগর পাঁচদোনায় একটি চায়ের দোকান থেকে তিনি চা পান করেন। চা পান শেষে তিনি সড়কের পাশে বসে ছিলেন। এ সময় আইয়ুব আলীকে দা দিয়ে কোপাতে থাকেন মেজো মিয়া। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার আগেই আইয়ুবের মৃত্যু হয়। পরে এলাকাবাসী মেজো মিয়াকে ধরে পুলিশে দেন।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির এসআই মহসিন হোসেন বলেন, ‘মনে হচ্ছে মেজো মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় নিহতের ছেলে শাহজালাল মামলা করেছেন।’