নরসিংদীতে সাত 'ডাকাতকে' পিটিয়ে হত্যা
নরসিংদী সদর উপজেলায় ‘ডাকাতি করতে গিয়ে’ গণপিটুনিতে সাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটা থেকে চারটার মধ্যে উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত লোকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আবদুর রহিম (৩৫) নামের একজনকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রহিম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাপাহাড় ইউনিয়নের ঝাউকান্দা গ্রামের সামসুল হকের ছেলে।
পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া দুইটার দিকে ১৪ জনের একটি ডাকাত দল ভাটপাড়ার বধূপাড়া মহল্লার লাল মিয়ার বাড়িতে হানা দেওয়ার চেষ্টা চালায়। তবে সেখানে পাহারা থাকায় ঢুকতে পারেনি। পরে তাঁরা পাশের চাকশাল মহল্লায় এরশাদ মিয়ার বাড়িতে হানা দেয়। ওই বাড়ির উঠোনে থাকা একটি সিমেন্টের পিলার দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরশাদ মিয়ার ছেলে আজিজুর হকের হাত-পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে। এ সময় ডাকাত সদস্যরা নগদ ৪০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন লুট করে। ডাকাত দলের তিন সদস্য পাশের লোকমান মিয়ার বাড়িতে হানা দিয়ে তাঁর মেয়ে লুৎফা আক্তারের সোনার দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়।
ডাকাতি চলাকালে এরশাদ মিয়ার বড় ছেলে আনিসুল হক তাঁর মামা একই এলাকার বাসিন্দা আলেক চাঁনকে লুকিয়ে মোবাইল ফোনে বিষয়টি জানান। তিনি আশপাশের লোকজনকে জাগিয়ে তোলেন। চাকশাল জামে মসজিদের ইমাম এমদাদুল ইসলামকে জানালে তিনি মসজিদের মাইকে ডাকাতির খবর ছড়িয়ে দেন। পার্শ্ববর্তী ভাটপাড়া, কুলাইট, কাগশিয়া এলাকার বিভিন্ন মসজিদেও ডাকাতির ঘটনায় মাইকে ঘোষণা দেওয়া হয়। খবর পেয়ে লোকজন ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। ঘটনা টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সড়কের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাটপাড়া মাঠের দিকে বিচ্ছিন্নভাবে দৌড় দেয়। এ সময় ডাকাত দলের ১৪ জনের মধ্যে ছয়জন পালিয়ে যেতে সক্ষম হয়। অন্য আটজনকে স্থানীয় লোকজন ধরে পিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। আহত অবস্থায় সকালে আবদুর রহিমকে পুলিশে সোপর্দ করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহেনা, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ ও মোখলেসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার মোস্তাক সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডাকাতির ঘটনার শিকার এরশাদ মিয়ার বাড়িতে আজ দুপুরে গেলে দেখা যায়, চার কক্ষের টিনশেড ভবনে লোকজনের ভিড়। ঘরের ওয়ারড্রোবের ড্রয়ার খোলা, কাপড়-চোপড় এলোমেলো, ড্রেসিং টেবিলের কাচ ভাঙা এবং স্টিলের আলমারির দরজা ও ড্রয়ার খোলা। এরশাদ মিয়ার ছেলে আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘দরজা ভাঙার আওয়াজে ঘুম থেকে উঠে “কে” জিজ্ঞাসা করতেই তাঁরা আইনের লোক বলে পরিচয় দেয়।’
গণপিটুনিতে আহত আবদুর রহিম নিজেকে মাছ ব্যবসায়ী হিসেবে দাবি করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, ‘গতকাল আড়াইহাজারের কলাকান্দি এলাকার রেহান উদ্দিন বেড়ানোর কথা বলে দুপুরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নিয়ে আসে। রাত আটটার দিকে সদর উপজেলার চৌয়া এলাকায় দুলাল মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে দুলালসহ আরও ১৩-১৪ জনকে দেখি। তাঁদের আমি চিনি না। সেখানে আমি রেহানকে এত লোকজনের কথা জানতে চাইলে সে কাজের (ডাকাতির) কথা বলে। রাত সাড়ে ১২টার দিকে আমরা হাঁটা শুরু করি। আড়াইটার দিকে আমরা একটি বাড়িতে ঢোকার চেষ্টা করি কিন্তু পাহারাদারের কারণে ঢুকতে পারি নাই। পরে আরও দুটি বাড়িতে ঢুকি। সেখান থেকে লোকজনের ধাওয়া খেয়ে আর কিছু বলতে পারি না।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, নিহত লোকজন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে তাঁরা ধারণা করছেন। গণপিটুনি ও ডাকাতির ঘটনায় আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, আহত রহিমকে লাশ শনাক্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তিনি কাউকে চিনতে পারেননি।