নরসিংদীতে স্বামী-স্ত্রী অ্যাসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন অসিম মিয়া ও সাদিয়া আক্তার দম্পতি। গত বুধবার দিবাগত রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অসিমের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারি নাই। তবে আমার চাচাদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ বা ভাবির (সাদিয়ার) আগের স্বামীর আক্রোশের কারণে হামলা করা হয়ে থাকতে পারে।’
পুলিশ, দম্পতির পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয় অসিম মিয়া (২৪) ও তাঁর স্ত্রী সাদিয়া আক্তারের (১৮) ওপর। এতে সাদিয়ার পুরো শরীর এবং অসীমের শরীরের ডান দিকের অংশ ঝলসে যায়। ঘটনার পরপরই তাঁদের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাত বছর ধরে অসিম মিয়াদের সঙ্গে চাচা মো. শহিদুল্লাহ মিয়া, বাচ্চু মিয়া ও মনির হোসেনদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে। অসিম মিয়া চরগোয়ালবাড়ী এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। আর সাদিয়া আক্তার কৃষ্ণপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে।
সাদিয়ার পরিবার জানায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি কটিয়াদী উপজেলার চরনোয়াকান্দি গ্রামের বোরহান উদ্দিন সাদিয়া আক্তারকে অপহরণ করে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন। ৮ ফেব্রুয়ারি সাদিয়া আক্তার কৌশলে পালিয়ে এসে বোরহান উদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। পরে এপ্রিল মাসের শুরুর দিকে পারিবারিকভাবে অসিম মিয়ার সঙ্গে সাদিয়াকে বিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান উদ্দিন সাদিয়ার মা আবেদা বেগমকে ছুরিকাঘাত করে আহত করেন।