নরসিংদীতে ৭ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় সাত হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাকাব্বীর আহম্মেদের নেতৃত্বে ওই ইউনিয়নের বড়বাড়ি মসজিদের সামনে থেকে বিচ্ছিন্নকরণের কাজ শুরু হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নরসিংদী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীপুর এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বড়বাড়ি মসজিদের সামনে তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসার্ধের বৈধ ভাল্ব থেকে অবৈধভাবে ৩ ইঞ্চি/২ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ দিয়ে অবৈধ গ্যাস-সংযোগ স্থাপন করা হয়। পরে বদরপুর, হাজীপুর, চর হাজীপুর, হোসেনপুর, খাসেরচর, দড়িপাড়া, কান্দাপাড়া গ্রামের প্রায় সাত হাজারের বেশি বাড়িতে ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়। এ বিষয়ে তিতাসের নরসিংদী আঞ্চলিক কার্যালয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলার সময় উপস্থিত তিতাসের নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, বছর খানেক আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জনপ্রতিনিধির সহযোগিতায় হাজীপুর এলাকায় এই অবৈধ সংযোগ স্থাপন করা হয়। এগুলো আগেই বিচ্ছিন্ন করার প্রয়োজন ছিল। কিন্তু লোকবল-সংকট ও নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় দেরি হয়। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে প্রতি ঘণ্টায় প্রায় ৩ লাখ ১৫ হাজার সিএফটি গ্যাস পুড়ছে। এতে মাসে প্রায় ৪৫ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।