নরসিংদীর বাঁশগাড়ী ইউনিয়নে ১৩ মাসে আওয়ামী লীগের দ্বন্দ্বে খুন হয়েছেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি চেয়ার‌ম্যান হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।  ফাইল ছবি
ইউপি চেয়ার‌ম্যান হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ফাইল ছবি
>• নরসিংদীতে ইউপি চেয়ারম্যান খুন
• ১৩ মাসে আওয়ামী লীগের দ্বন্দ্বে খুন হয়েছেন ছয়জন।
• গুম হয়েছেন চারজন।
• আর টেঁটা বা গুলিতে আহত হয়েছেন অর্ধশতাধিক।


নরসিংদী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন। মেঘনার চরে ছোট্ট এই ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষের বাস। তবে এখানকার রাজনৈতিক হানাহানির ক্যানভাসটা বেশ বড়। গত ১৩ মাসে এই ইউনিয়নে আওয়ামী লীগের দ্বন্দ্বে খুন হয়েছেন ছয়জন। গুম হয়েছেন চারজন। আর টেঁটা বা গুলিতে আহত হয়ে পুরো বা আংশিক পঙ্গু অর্ধশতাধিক তরুণ, যুবা।

রায়পুরা সদর আর বাঁশগাড়ীর মাঝে মেঘনা নদী। যানবাহন ও যাত্রী পারাপারের একমাত্র বাহন ফেরি। ফলে এলাকাটি নরসিংদী জেলা বা উপজেলা শহর রায়পুরা থেকে কিছুটা বিচ্ছিন্ন ও দুর্গম। নদী পার হওয়ার পর মোটরসাইকেলই যাতায়াতের প্রধান মাধ্যম, আর বর্ষায় নৌকা।

বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর জলাভূমি মিলে এখানকার পরিবেশ মনোরম। প্রায় প্রতি পরিবারের কেউ না কেউ প্রবাসী। তবে জমির দখল, পারিবারিক বা রাজনৈতিক বিবাদে বিচারপ্রার্থী হওয়ার বদলে টেঁটা-বল্লম হাতে বেরিয়ে পড়াটাই যেন এখানে স্বাভাবিক ঘটনা। এখন টেঁটা-বল্লমের সঙ্গে যুক্ত হয়েছে আগ্নেয়াস্ত্র আর ককটেল। এলাকার মানুষই নিজেদের এই চরকে বলছে ‘টেঁটা-বল্লমের রাজধানী’। সর্বশেষ গত বৃহস্পতিবার এখানেই হত্যার শিকার হন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

তবে হত্যা-মারামারির পরে পাল্টাপাল্টি মামলা হয়। গ্রেপ্তার এড়াতে আর মামলা চালাতে এলাকার লোকজন স্থানীয় ‘সরদার’দের হাতে তুলে দেন প্রবাসী স্বজনের পাঠানো কষ্টার্জিত টাকা।

স্থানীয় লোকজন বলছেন, বাঁশগাড়ী ছাড়াও মেঘনাপারের ইউনিয়ন নীলক্ষা, মির্জার চরেও একই রকম পরিস্থিতি। গত নভেম্বরে নীলক্ষায় দুই দফায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের (তাজুল ইসলাম বনাম আবদুল হক) মধ্যে টেঁটা-বল্লম নিয়ে যুদ্ধ হয়। স্থানীয় সাংসদ রাজিউদ্দীন আহমেদ একবার দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিলেও এক সপ্তাহের মধ্যে সমঝোতা ভেঙে তারা আবারও যুদ্ধে জড়ায়। দুই পক্ষের অন্তত তিন শ ঘরবাড়ি পরস্পরের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এখানে এখনো পেশাদার লাঠিয়াল বাহিনী ভাড়া পাওয়া যায়।

তবে হত্যার প্রবণতা বাঁশগাড়ীতেই বেশি। এই খুনোখুনির শুরুটা দুই বছর আগের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে। এখানে এক পক্ষে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ওরফে শাহেদ সরকার। আরেক পক্ষে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। গত এপ্রিল মাসে স্ট্রোকে আক্রান্ত হয়ে শাহেদ সরকারের মৃত্যুর পর সবাই ধরে নিয়েছিলেন, এবার শান্তি আসবে। কিন্তু বৃহস্পতিবার খুন হন সিরাজ চেয়ারম্যান।

টানা ৩০ বছর বাঁশগাড়ীর চেয়ারম্যান ছিলেন সিরাজুল হক। তাঁর সম্পর্কে এলাকার লোকজন বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক স্বাধীনতার পর সেনাবাহিনীতে যোগ দেন। রক্ষীবাহিনীর সদস্য ছিলেন। ১৯৮৩ সালে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে ও পরে বিএনপিতে যোগ দেন। ২০১৪ সালে সাংসদ রাজিউদ্দীনের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। দুই বছর আগে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের আগে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহেদ সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে সাংসদ রাজিউদ্দীন সমর্থন দেন সিরাজুল হককে। সিরাজুল নির্বাচিতও হন। এরপর থেকেই শুরু হয় অশান্তি।

শেষ দফা নির্বাচনের পরে তিনবার জ্বালিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান সিরাজুল হকসহ তাঁর বেশ কিছু সমর্থকের বাড়ি। সিরাজুল হকের সমর্থকেরাও পাল্টা ব্যবস্থা নেন।

গত বছরের ১৯ এপ্রিল দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে দিনভর যুদ্ধ চলে। ওই সংঘর্ষে নিহত হন শারফিন ও মাসুদ মিয়া নামের দুই তরুণ। পাল্টাপাল্টি মামলাও হয়। এক মাস যেতে না-যেতেই ওই সংঘর্ষের জের ধরে আবারও যুদ্ধে জড়ায় দুই পক্ষ। ওই বছরেরই ৭ মে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন জয়নাল ও আরুশ আলী নামের দুজন। এরপর শাহেদ সরকার সমর্থকদের গ্রামছাড়া করেন সিরাজুল হকের সমর্থকেরা। দুই দফা সংঘর্ষে দুই পক্ষ মিলে পরস্পরের শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

মে মাসের ওই সংঘর্ষের পর পুলিশ শাহেদ সরকারের চার সমর্থককে গ্রেপ্তার করে। পরে শাহেদ সরকারের লোকজন বাঁশগাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালিয়ে চারজনকে মুক্ত করে নেয়। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিও হয় বলে স্থানীয় লোকজন জানান। গুলিতে মোস্তফা ওরফে মস্ত নামে এক ব্যক্তি নিহত হন।

গুমের শিকার চারজন

এলাকাবাসী বলছেন, পরপর চারটি খুন ও পুলিশ তদন্তকেন্দ্রে হামলার পরে পুলিশ পরিচয়ে শাহেদ সরকারের চার সমর্থককে ধরে নেওয়া হয়। লুক মিয়া, হাবি মেম্বার, আজিজুল হক ও মনির নামের এই চারজন এখনো নিখোঁজ। গত বছর হত্যাকাণ্ডের পরে সাংসদ রাজিউদ্দীন মীমাংসার উদ্যোগ নিলে গুম হওয়া সমর্থকদের ফিরিয়ে দেওয়ার দাবিতে তা প্রত্যাখ্যান করেন শাহেদ সরকার।

পোড়া বাড়ি আর অন্ধ নারী

সর্বশেষ চেয়ারম্যান সিরাজুল হক খুনের সময় তাঁর মোটরসাইকেলের চালককেও গুলি করা হয়। ওই হত্যাকাণ্ডের পরে সিরাজুল সমর্থকেরা শাহেদ সরকারের সমর্থকদের চারটি পরিবারের নয়টি ঘর জ্বালিয়ে দিয়েছে।

 শনিবার বিকেলে বাঁশগাড়ির পাকা সড়কটি দিয়ে যাওয়ার সময় নাকে এল পোড়া গন্ধ। থামতেই দেখা গেল সার বেঁধে পোড়া বাড়ি। কিছু ঘর কুপিয়ে নষ্ট করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে খড়ের গাদায়, ধানের গোলায়। গরু-ছাগলও লুট করা হয়েছে বলে অভিযোগ। ওই বাড়ির ছবি তোলার সময় ভিড় করলেন অনেক ছেলে-বুড়ো। তবে প্রশ্ন করলেও কেউ কথা বলেননি। একটি বাড়ির উঠানে পাওয়া গেল মেহের নেসাকে। কারা এসব করেছে—প্রশ্ন করলে ভিড়ের দিকে ফিরে হামলাকারীদের অভিসম্পাত করা শুরু করলেন মধ্যবয়সী এই নারী। ভিড়ের মধ্য থেকে কয়েক তরুণ মারমুখী হয়ে ‘খুনি’ বলতে বলতে এগিয়ে গেল। লেগে গেল দুপক্ষে তুমুল ঝগড়া।

মেহের নেসা বললেন, তিনি এক চোখে একেবারেই দেখেন না। এখন খোলা আকাশের নিচে প্রায় অনাহারে থাকছেন। তাঁর স্বামী শাহেদ সরকারের সমর্থক বলে তিনি শুনেছেন। তবে তিনি কোনো হত্যাকাণ্ডে যুক্ত নন বলে দাবি মেহের নেসার।

সমর্থকদের জড়ো করতে ঘোষণা হয় মাইকে

গুলি, বল্লমের খোঁচা আর টেঁটার আঘাতে আহত মানুষের সংখ্যা এ গ্রামে কম নয়। কারণ মারামারি হলে মাইকিং করে সমর্থকদের জড়ো করা হয়। পুলিশের পক্ষেও তখন দূরে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না বলে জানালেন রায়পুরা থানার এক এএসআই।

একটি দোকানে মোটরসাইকেলের তেল কিনতে গিয়ে কথা হয় আহত একজনের সঙ্গে। টেঁটাবিদ্ধ হয়ে এক বছর ধরে পায়ে ব্যান্ডেজ বেঁধে চলছেন। নিজের ব্যবসা বন্ধ হওয়ার মুখে।

গত বছর গুলিতে আহত তিনজনের পা কেটে ফেলতে হয়েছে। এঁরা হলেন মাইনুদ্দীন, হুরুন আলী ও নুরু দালাল। তিনজনের কেউই আর এলাকায় থাকেন না। পুলিশের গুলিতে এঁরা আহত হন বলে অভিযোগ।

মামলা মানে টাকার খেলা

 শনিবার বিকেলে বাঁশগাড়ী বাজারের একটি পেঁয়াজি-শিঙাড়ার দোকানে বসে কথা হচ্ছিল স্থানীয় লোকজনের সঙ্গে। তাঁদের একজন জানালেন, তাঁর ছেলে ও ভাতিজারা ইতালি ও মধ্যপ্রাচ্য থেকে টাকা পাঠান। গত বছরের মারামারির পর দুই দফায় ৩৫ হাজার টাকা দিয়েছেন স্থানীয় এক সরদারকে।

স্থানীয়রা জানান, প্রতি বাড়ি থেকেই চাঁদা তোলা হয়। এই টাকা তাঁদের কাছ থেকে নিয়ে যান স্থানীয় রাজনীতিকেরা। পুলিশ, নেতা-কর্মী আর আদালতপাড়ায় এই টাকা খরচ করা হয় বলে তাঁদের জানানো হয়।

নিরাপত্তার অভাব প্রকট

শিঙাড়ার দোকানটিতে খাচ্ছিলেন কয়েকজন পুলিশও। এ সময় নিহত চেয়ারম্যান সিরাজুল হকের ভাতিজা কামাল হক এসে ঘোষণা দিলেন, সব দোকান বন্ধ করতে হবে। সবাইকে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে হবে। সদ্য ভাজা এক গামলা শিঙাড়া আর মাখানো পেঁয়াজির গামলা রেখেই কালোমুখে দোকান বন্ধ করে রওনা দিতে হলো দোকানদারকে।

স্থানীয় লোকজন বলছেন, এখানকার ব্যবস্থা এমনই। দুই পক্ষের কোনো একটির আদেশমতো চলতে হবে। তা না হলে মারধর, লুটপাটের শিকার হতে হয়। এমনকি বাড়ির কন্যাশিশুদের নিয়েও আতঙ্কে থাকতে হয় তাঁদের। যার কারণে খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন তাঁরা।

জেলায় বাল্যবিবাহ ঠেকাতে কাজ করছেন এমন একজন রোববার প্রথম আলোকে বলেন, ওই এলাকা থেকে বাল্যবিবাহের খবর পেলে তিনি ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু মেয়েদের বাবারা অনুরোধ করে বলেন, বিয়ে না দিলে মেয়েকে ঘরে রাখতে পারবেন না।

ওই ইউনিয়নে একটি পুলিশ তদন্তকেন্দ্র আছে। সেখানকার পুলিশ সদস্যদেরও সতর্কাবস্থায় থাকতে হয় সব সময়। শনিবার রাতে ওই পুলিশ তদন্তকেন্দ্রে ঢুকতেই একজন সদস্য বন্দুক হাতে তেড়ে এলেন। নাম, পরিচয়, এবং আসার উদ্দেশ্য নিশ্চিত হয়েই ভেতরে যেতে দিলেন। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই গোবিন্দ সরকার নতুন এসেছেন বলে কিছু বলতে চাইলেন না।

তবে এক পুলিশ কর্মকর্তা বললেন, এখানে প্রথম আসার পর তিনি বাজারে চা পান করতে গিয়ে দেখেন কয়েকজন শিশু বাঁশের কঞ্চি দিয়ে ‘টেঁটা মারা’ খেলছে। পরে চায়ের দোকানদার বলেন, এভাবেই এখানকার শিশু-কিশোরদের টেঁটার প্রশিক্ষণ হয়।

আতঙ্কের নেপথ্যে

৩৫ বছর ধরে নরসিংদীতে সাংবাদিকতা করছেন সরকার আদম আলী। তিনি মনে করেন, চরের ওই হানাহানির পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ আর বিচারহীনতা। তিনি বলেন, একসময় চরের পয়োস্তি-শিকস্তি জমির দখল পেতে এখানকার গ্রাম্য মোড়লদের মধ্যে দলাদলি দেখা যেত। নতুন চর জাগার পর নলখাগড়ার হিসেবে জমি মেপে মোড়লেরা ভাগ করে নিতেন। সেই দখল পেতে তাঁরা লাঠিয়াল পালতেন বা ভাড়া নিতেন। সেই ধারাবাহিকতায় এখনো টেঁটা-বল্লমের প্রচলন রয়ে গেছে। সঙ্গে আগ্নেয়াস্ত্রও যোগ হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, রাজনৈতিক নেতা, পুলিশ সবার জন্য এই বিবাদ লাভজনক। কারণ, মারামারি লাগলেই তো উপজেলা সদরের দিকে টাকার স্রোত বইতে শুরু করে। হানাহানির পর নেতারা এসে বুকে বুক মিলিয়ে মীমাংসা করে দিয়ে যান। যার কারণে ফৌজদারি অপরাধ করেও পার পেয়ে যায় সন্ত্রাসীরা।

রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান চৌধুরী মনে করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এখানে এত হানাহানি। তাঁর বাড়ি চর এলাকায় হলেও নিরাপত্তার অভাবে তিনি নিজেও সেখানে থাকেন না।

তবুও শান্তির আশা

শনিবার প্রায় চার ঘণ্টার প্রতিবাদ সভায় স্থানীয় লোকজন শান্তি স্থাপনের কথা বলেছেন। উত্তেজনায় প্রতিপক্ষের ঘরবাড়িতে যেন কেউ হামলা না চালিয়ে বসে সে কথা উঠেছে বারবারই।

মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ রাজিউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি দুই পক্ষকে ডেকে আপস-মীমাংসা করে দিয়েছি। তারা কথা দিয়েছিল এ ধরনের ঘটনা আর ঘটাবে না। কিন্তু তারপরও ঘটে চলেছে।’ তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি এ রকম ঘটনা যেন আর না হয়।’