নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দীন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে রিমান্ড শেষে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে এ তিনজনকে আদালতে হাজির করা হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা নতুন করে রিমান্ড আবেদন করেননি। বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাই তাঁদের এখন কারাগারে আটক রাখা প্রয়োজন। তবে এ সময় আসামিদের জামিনের আবেদন করা হলেও আদালত তা বাতিল করে দেন।
একই অভিযোগে শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার হন সাবেক শিক্ষক নুরুল ইসলাম। রিমান্ডের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে দুই বাড়িওয়ালাই জেনেশুনে জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেছেন।’