নলকূপ বসাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নলকূপ স্থাপনে কর্মচারীদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার উজানচর, ছোট ভাকলা ও দৌলতদিয়া ইউনিয়নে ৬০টি রিংওয়েল নলকূপ স্থাপনে চলতি বছরের শুরুর দিকে জেলা কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। রাজবাড়ীর ঠিকাদার মনির হোসেন, আবুল হোসেন ও আতিক রহমান কাজটি পান। ইউনিয়ন পরিষদের (ইউপি) পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে স্থান নির্বাচনের পর তত্ত্বাবধায়ককে (যার নামে বরাদ্দ) সরকারি ফি দুই হাজার টাকা জমা দিয়ে নলকূপ বসানোর নিয়ম আছে।

দৌলতদিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গফুর অভিযোগ করেন, ইউনিয়নের অধিকাংশ নলকূপ তাঁর ওয়ার্ডে বসানো হয়েছে। নলকূপ বসানো বাবদ মিস্ত্রি (মেকানিক)আবদুস সামাদ ও রেজাউলকে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে। অন্যদের থেকে তাঁরা তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন।

নইমদ্দিন খাঁর পাড়ার তত্ত্বাবধায়ক নুরু শেখের বাড়িতে নলকূপ বসাতে সামাদ ও রেজাউল ৩ হাজার ৫০০ টাকা আদায় করেন। নুরু শেখ জানান, পাশের গ্রামে নলকূপ বসানোর কথা শুনে মেকানিকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সাড়ে তিন হাজার টাকা দাবি করেন। পাশের আইনদ্দিন খাঁর পাড়ার ইসমাইল ৩ হাজার ১০০ টাকা, সালাম তালুকদার ৩০০০ টাকা দিয়ে নলকূপ বসান। এ ছাড়া ঢালাইয়ের মাধ্যমে চাতাল করার কথা থাকলেও কোনোমতে ইট বিছিয়েই কাজ শেষ করা হয়েছে।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেন, ‘ঠিকাদারের মাধ্যমে অধিকাংশ ইউপি সদস্য স্থান নির্বাচন করে টাকা নিয়েছেন। আমরা শুধু কাজ হয়েছে কি না দেখেছি। ইউপি সদস্য আবদুল গফুর তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে আমাদের ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দিয়েছেন।’

ঠিকাদার মনির হোসেন বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যের নির্ধারণ করা স্থানেই নলকূপ বসানো হয়েছে। এ ক্ষেত্রে কার্যালয়ের লোকজন সার্বক্ষণিক কাজ করায় হয়তো কেউ ১০০-২০০ টাকা নিয়ে থাকতে পারে। এ ছাড়া যতটুকু সম্ভব চাতাল ভালোভাবে ঢালাই
করা হয়েছে।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘রিংওয়েল নলকূপ বসানোর কোনো সংবাদ আমার জানা নেই। সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নলকূপ বসানোর অভিযোগ আমি এখন জানতে পারলাম।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোয়ালন্দ কার্যালয়ের সহকারী প্রকৌশলী এ এ মাহাবুব রহিম বলেন, বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে কয়েকজন ইউপি সদস্যকে আসতে বললেও তাঁরা আসেননি। তাই বিষয়টি নিয়ে পরে কী হয়েছে তা বলতে পারছি না।’