নলকূপের হাতল দিয়ে বাবা স্ত্রী ও সন্তানকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল শনিবার রাতে এক ব্যক্তি তাঁর বাবা, স্ত্রী ও এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আলফু মিয়া (৩২) নামের ওই ব্যক্তি নলকূপের হাতল দিয়ে আঘাত করে তিনজনকে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। আলফু মিয়াকে পুলিশ আটক করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলফু মিয়া এলাকায় টিউবওয়েল বসানোর কারিগর হিসেবে কাজ করেন। গত রাতে স্ত্রী বিউটি বেগমের (৩০) সঙ্গে তাঁর ঝগড়া বাধে। একপর্যায়ে আলফু মিয়া নলকূপের হাতল দিয়ে বিউটি বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আলফু মিয়ার বাবা আলা উদ্দিন (৭০) এগিয়ে গেলে তাঁকেও আঘাত করেন তিনি। এতে তিনিও মারা যান। এ সময় আলফু মিয়ার নয় বছর বয়সী মেয়ে আবিদা বেগম ও চার বছর বয়সী ছেলে জসিম উদ্দিন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরে থাকা তাঁর দুই বছর বয়সী শিশুকন্যা আমেনা বেগমকেও একইভাবে হত্যা করেন আলফু মিয়া। প্রতিবেশীরা এগিয়ে গেলে আলফু মিয়া ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে এবং লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
ঘটনাস্থল থেকে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আলফু মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তাঁকে আটক করা হয়েছে। লাশ তিনটি আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।