নলকূপের হাতল দিয়ে গৃহবধূকে নির্যাতন
নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গত শুক্রবার শহরের কাজীরহাটে এ ঘটনা ঘটে। পরকীয়ায় বাধা দেওয়ার কারণে এমনটি ঘটেছে বলে অভিযোগ করেছে গৃহবধূর পরিবার।
আহত গৃহবধূর নাম ফাতেমাতুজ জোহরা ওরফে আঁখি (২৪)। তাঁর বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর শাহ্পাড়া গ্রামে।
গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ অভিযোগ করেন, তাঁর স্বামী হাকিফুল ইসলাম ডায়াগনস্টিক (রোগনির্ণয়) ব্যবসার সঙ্গে জড়িত। শহরের শহীদ তুলসীরাম সড়ক ও বঙ্গবন্ধু সড়কে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। তাঁর স্বামী বেশ কিছুদিন ধরে ওই প্রতিষ্ঠানের একজন নারী কর্মচারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ কারণে প্রতিদিনই গভীর রাত পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারে থাকেন তিনি। এর প্রতিবাদ করলে তাঁকে প্রায়ই নির্যাতন করা হতো। শুক্রবার সকালে এর জের ধরে বাসায় খুলে রাখা নলকূপের হাতল দিয়ে তাঁকে বেদম মারধর করা হয়।
এ ব্যাপারে হাকিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেক কথা আছে, যা মুঠোফোনে বলা সম্ভব না। দেখা হলে কথা হবে।’ এরপর তিনি সংযোগ কেটে দেন। পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্যাতনের কারণে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। এ অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর সরকারি ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম বলেন, চিকিৎসাধীন আঁখির শরীরে বিভিন্ন অংশে ধারালো বস্তুর আঘাতের চিহ্ন আছে।
গৃহবধূর বাবা আসাদ সরকার অভিযোগ করেন, হাকিফুল ডায়াগনস্টিক ব্যবসায় অনেক টাকাপয়সা নষ্ট করেছেন। মেয়ের সুখের কথা ভেবে অনেক সময় অনেক টাকাপয়সা দিয়েছেন তিনি। নির্যাতনের ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর শাহ্পাড়া গ্রামের আঁখির সঙ্গে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের সিট চড়াইখোলা চাপড়া গ্রামের হাকিফুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। ব্যবসার কারণে পরিবারের সবাই সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকায় বসবাস করেন।