নলছিটিতে ইউপি চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল আমিন ও সচিব সাইফুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়।
নূরুল আমিন ঝালকাঠি জেলা বিএনপির সহসভাপতি।
পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়। সচিবের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির সাত বস্তা চাল (৩৫০ কেজি) ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনের একটি কক্ষে লুকিয়ে রাখেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেন। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে এবং ইউপি চেয়ারম্যান ও সচিবকে আটক করে।
ইউপি চেয়ারম্যান নূরুল আমিন নিজেকে নির্দোষ দাবি করে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে।’
ওসি মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় ইউপি সদস্য মতিউর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও সচিবকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।