নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে রাবেয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামের তাহের আলী খানের মেয়ে। গত বুধবার রাতে পুলিশ নলবুনিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে।
পরিবারের দাবি, গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করা নিয়ে ঝগড়ার কারণে স্বামী তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় রাবেয়ার শাশুড়ি মাছুমা বেগমকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
গৃহবধূর মামা জাকির সরদার বলেন, গত রোজার ঈদে রাবেয়ার সঙ্গে নলবুনিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আল আমীনের বিয়ে হয়। আল আমীন ঢাকার একটি পোশাক কারখানার কাভার্ড ভ্যানের চালক। বিয়ের পর থেকে রাবেয়া তাঁর বাবার বাড়িতে ছিলেন। একদিন আল আমীন তাঁর ভাগনির গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় আল আমীনের কাছে তাঁর ভাগনিকে তুলে দেওয়া হবে না। এরপর আল আমীন ক্ষমা চেয়ে রাবেয়াকে কোরবানির ঈদের পরের দিন বেড়ানোর কথা বলে তাঁদের বাড়ি নিয়ে যান। গত বুধবার দুপুরে রাবেয়ার শ্বশুরবাড়ি থেকে মুঠোফোনে জানানো হয়, রাবেয়া স্ট্রোক করে মারা গেছেন। তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, রাবেয়া গলায় দাগ, লাশ বিছানার ওপর চাদর দিয়ে ঢাকা। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, ঘটনার আগে রাবেয়াকে তাঁর স্বামী মারধর করেছেন।
ঘটনার পর রাবেয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন।