নলছিটিতে তরুণকে গুলি করে হত্যা
ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল হাওলাদার (২০) নামের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনের তাঁকে গুলি করা হয়।
সজল উপজেলার পশ্চিম কামদেবপুর গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি নলছিটি ডিগ্রি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সজল হাওলাদার বাড়ি থেকে বের হন। বেলা পৌনে ১১ টার দিকে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনের মধ্যে সজলকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
নিহত সজলের বাবা রফিকুল ইসলাম বলেন, স্থানীয় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাঈদের কাছে খবর পেয়ে মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে গুলিবিদ্ধ অবস্থায় সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সজলকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, গুলিতে সজলের বাঁ পায়ের হাঁটুর নিচের ধমনি ছিঁড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে ঝালকাঠির সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম মাহমুদ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হবে।