নলছিটিতে দুজনের ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় গত মঙ্গলবার বিকেলে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

নলছিটি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন দুই ডিলারের ডিলারশিপ বাতিল ও তাঁদের জামানত বাজেয়াপ্ত করে তা সরকারের কোষাগারে জমা দিতে চিঠি দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা উপজেলার দপদপিয়া ইউনিয়নের ডিলার রেজাউল করিম ও সুবিদপুর ইউনিয়নের ডিলার সাইদুল ইসলামের চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখতে পেয়ে তাঁদের ডিলারশিপ বাতিলের নির্দেশ দেন।

ইউএনও শাহ মো. কামরুল হুদা বলেন, হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ শুনে তিনি দপদপিয়া ও সুবিদপুর ইউনিয়নের দুই ডিলারের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দপদপিয়া ইউনিয়নের ডিলার রেজাউল করিমকে তাঁর আত্মীয়র বাড়িতে বসে চাল বিক্রি করতে দেখা যায়। এ সময় তাঁকে (রেজাউল) ৩০ কেজির স্থলে পৌনে ২৯ কেজি করে চাল দিতে দেখা গেছে। এ ছাড়া সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে ডিলার সাইদুল ইসলামকে ৩০ কেজির পরিবর্তে অনেককে দুই কেজি কম আবার কয়েকজনকে ৩২ কেজি চাল দিতে দেখা যায়। এরপর তিনি বসতগৃহে বসে চাল বিক্রি ও ওজনে কম দেওয়ার জন্য রেজাউল করিমকে এবং ঠিকমতো ওজনে চাল না দেওয়ায় সাইদুল ইসলামের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা রাখার নির্দেশ দেন।