নলছিটিতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসার ছাত্রী ধর্ষণ মামলার আসামিকে ঘটনার ১০ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামি ফয়সাল আকনকে (৩০) তাঁদের থানা সড়কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নলছিটি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সুলতান আকনের ছেলে। তাঁর বাবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।

ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ফয়সাল নলছিটি উপজেলার মানপাশা ইউনিয়নের মুখিয়া গ্রামের মাদ্রাসাপড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০১৬ সালের ৫ ডিসেম্বর সকালে বিয়ের
প্রলোভন দিয়ে নলছিটি উপজেলা ডাকবাংলোয় ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়েটি থানায় মামলা দিতে গেলে পুলিশ তা নিতে গড়িমসি করে। এরপর মেয়েটি প্রায় এক মাস বরিশালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি ছিল। সেখান থেকে ফিরে মেয়েটি মামলা করতে গেলে নলছিটি পুলিশ মামলা নিতে অপারগতা জানায়। এ ঘটনায় মেয়েটির পরিবার ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে। এরপর পুলিশ চলতি বছরের ২ জানুয়ারি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। কিন্তু ফয়সালদের বাড়ি থানা থেকে ১০০ গজ দূরে হওয়া সত্ত্বেও তাঁকে পলাতক দেখিয়ে ৩ জুলাই আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানার এসআই গাজী বজলুর রহমান অভিযোগপত্র দাখিল করেন। অথচ ফয়সাল পুলিশের নাকের ডগায় বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও তাঁকে গ্রেপ্তার করেনি। গতকাল থানার সামনের পুকুরে গোসল করার সময় সংক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে পাকড়াও করে থানায় খবর দেন।

ছাত্রলীগ নলছিটি ডিগ্রি কলেজ শাখার সভাপতি প্রিন্স মাহমুদ প্রথম আলোকে জানান, ফয়সালের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছেন। ফয়সাল ও সোহাগ দুই ভাই। উত্ত্যক্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে নলছিটি থানায় অন্তত ১০টি জিডি রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সুলতান মাহমুদ বলেন, ফয়সালকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এই মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টেম্বর।