নলছিটিতে পুলিশের কাছ থেকে আসামির পলায়ন
ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পালানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুলকাঠি ইউনিয়নের চৌকাঠি বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, চৌকাঠি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জসিম মোল্লাকে গতকাল পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে চৌকাঠি বাজারে নিয়ে আসে। একপর্যায়ে জসিম হাতকড়া নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাঁকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা আসামি ও হাতকড়াটি উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নলছিটি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপ্লব মিস্ত্রি বলেন, ‘সকালে আসামি জসিমের মা থানায় এসে জানান, তাঁর ছেলে তাঁকে মারধর করে বাড়িতে ব্যাপক হামলা চালাচ্ছে। তাঁকে আটক করার জন্য এএসআই জাকির পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেছেন। আসামি পালানোর বিষয়টি আমার জানা নেই।’