নলছিটিতে যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় গতকাল বুধবার যুবদলের দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। উপজেলার বারইকরণ খেয়াঘাটে ট্রলারে ওঠা নিয়ে এ সংঘর্ষ হয়।

নলছিটি উপজেলা যুবদল সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল ঝালকাঠি শহরের কামারপট্টির কার্যালয়ে আলোচনা সভা ও শোকযাত্রার আয়োজন করে। এতে যোগ দিতে গতকাল সকাল ১০টায় নলছিটি উপজেলা যুবদলের সভাপতি মাসুম শরীফ ও পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদারের নেতৃত্বে যুবদলের একাংশ বারইকরণ খেয়াঘাট এলাকায় আসে। একই সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে দলের আরেকটি অংশ সেখানে উপস্থিত হয়। দুপক্ষের নেতা-কর্মীরা ট্রলারে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সালাউদ্দিন আহম্মেদের সমর্থক উপজেলা যুবদলের সহসভাপতি মাহাবুবুর রহমান মাথায় আঘাত পান। অপর পক্ষের আহত হন পৌর যুবদলের সভাপতি লাভলু সিকদার ও কর্মী মো. বশির। মাহাবুবুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।