নষ্ট বীজ বিতরণের অভিযোগ
ফরিদপুরে প্রশিকার হর্টিকালচার প্রজেক্টের মাধ্যমে তিন শতাধিক কৃষকের মধ্যে নষ্ট ও পচা আলুর বীজ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বোয়ালমারী উপজেলার চতর ও কাদিরদী গ্রামের কৃষকেরা এ ঘটনায় গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ করেছেন।
উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারসংলগ্ন কাদিরদী উচ্চবিদ্যালয়ের মাঠে বিক্ষুব্ধ কৃষকেরা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করছেন।
কৃষকেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উন্নত আলুবীজ চাষ বিষয়ে এক সপ্তাহ প্রশিক্ষণের পর তাঁদের বিনা মূল্যে উন্নতমানের বীজ প্রদানের প্রতিশ্রুতি দেয় প্রশিকা। কিন্তু গত শনিবার নষ্ট, কাটা এবং পচা আলুবীজ বিতরণ করা হয়। মোট ৩০০ একর জমিতে আলুবীজ রোপণ করার কথা। অধিক ফলনের আশায় তাঁরা জমির অন্যান্য ফসল কেটে আলুবীজ রোপণ করার জন্য জমি তৈরি করেছেন। কিন্তু পচা ও নষ্ট বীজ দেওয়ায় তাঁরা এখন ক্ষতির সম্মুখীন।
কৃষক মো. ওয়াসিম, মো. লোকমান, জাহিদুল হাসান, মিলন শেখসহ অনেকে অভিযোগ করে বলেন, ‘তিন ভাগের এক ভাগ আলুই নষ্ট, কাটা ও পচা।’ কৃষকেরা এ ব্যাপারে ক্ষতিপূরণ দাবি করেন।