না থামানোয় চলন্ত বাসে ঢিল, বেঁচে গেলেন যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস না থামানোয় চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্যামলী পরিবহনের একটি চলন্ত বাসে ঢিল ছুড়েছেন কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী। এতে বাসের জানালার কাচ ভেঙে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। গতকাল বুধবার বেলা দুইটার দিকে সীতাকুণ্ডের ছোটকুমিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢিল ছোড়া ছাত্ররা স্থানীয় লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে অধ্যয়নরত।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ১০ থেকে ১২ জন ছাত্র তাঁদের নেওয়ার জন্য ছোটকুমিরা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দাঁড়িয়ে শ্যামলী পরিবহনের বাসটির গতিরোধের চেষ্টা করেন। এ সময় চালক বাসটি না থামালে তাঁরা সেটি লক্ষ্য করে ঢিল ছোড়েন।
ক্ষতিগ্রস্ত বাসটির সুপারভাইজার বলেন, ঢিলের আঘাতে বিকট শব্দে গাড়ির কাচ ভেঙে যায়। কিন্তু ঢিলটি যাত্রীদের মাথায় না পড়ায় তাঁরা বেঁচে যান।
ঘটনার প্রতিবাদে চালক অন্তত ১০ মিনিট বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর এলোপাতাড়ি করে রেখে সড়ক অবরোধ করেন। পরে কুমিরা হাইওয়ে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের অনুরোধে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, ওই উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরা প্রতিদিন দূরপাল্লার চেয়ার কোচ ও শীতাতপ নিয়ন্ত্রিত বাসের গতিরোধ করে তাতে চেপে আসা-যাওয়া করেন। তাঁদের নিতে না চাইলে চলন্ত বাসে ঢিল ছুড়ে মারেন।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, দুদিন আগে একটি ট্রাক ভেঙেছিলেন ওই শিক্ষার্থীরা। পরে জরিমানা আদায় করেছিলেন তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মিজানুর ফাহামি বলেন, গাড়ি ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। চেয়ার কোচ না থামানোর জন্য ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া বলেন, গাড়ির পক্ষের লোকজন তাঁর কাছে অভিযোগ করেছেন। তাঁর কলেজের ছাত্রদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এর আগেও দু-একবার তিনি এ ধরনের অভিযোগ শুনেছেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের নোটিশ দিয়ে সতর্ক করেছেন। এরপরও অবাধ্য হলে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।