না বলে বাসা থেকে বের হওয়ার এমন সাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার বাসা থেকে গত শনিবার সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় আট বছরের শিশু টিকন দে। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তাকে কালুরঘাট শিল্প এলাকায় পাওয়া যায়। তার মা সুমি দে যে পোশাক কারখানায় কাজ করেন, সেই কারখানার সামনেই দাঁড়িয়ে ছিল শিশুটি। বাসায় নিয়ে আসার পর শিশুটিকে বেদম মারধর করেন তার দূরসম্পর্কের দুলাভাই সুজন দাশ। পরদিন রোববার বিকেলে মারা যায় শিশুটি।
সুজন ও তাঁর স্ত্রীর সঙ্গে একই বাসায় থাকেন সুমি দে।
পুলিশ জানায়, শনিবারের ওই ঘটনার পর রোববার দুপুরে শিশুটি ভাত খেতে না চাইলে তাকে আবারও মারধর ও খুনতি দিয়ে আঘাত করে সুজন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। বিকেলে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার রাতে চান্দগাঁও থানায় সুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, মামলার পর রোববার রাতেই সুজনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে গতকাল মহানগর হাকিম মো. আবদুল কাদেরের আদালতে জবানবন্দি দিয়েছেন সুজন দাশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, চার বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর থেকে চান্দগাঁও এলাকায় ফুফাতো বোনের মেয়ের পরিবারের সঙ্গে একই বাসায় ছেলেকে নিয়ে থাকতেন সুমি দে। ফুফাতো বোনের মেয়ের স্বামী সুজন দাশ বাংলাদেশ বন ও শিল্প উন্নয়ন করপোরেশনে মাস্টাররোলে চাকরি করেন। সেখানকার এক কর্মচারীর বাসা ভাড়া নেন সুজন। ওই বাসারই একটি কক্ষ সুমি দেকে ভাড়া দেন তিনি। সুজন ও সুমি দুজনের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে সুজন স্বীকার করেছেন, টিকন বাসা থেকে বের হয়ে যাওয়ায় রাগের বশে তাকে মারধর করেছেন। সে যাতে আর বাসা থেকে বের না হয়, সে জন্য ভয় দেখাতে মারধর করেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর ছেলের লাশ নিয়ে গতকাল দুপুরে গ্রামের বাড়ি চলে যান সুমি দে।