না. গঞ্জ ও রাজবাড়ীতে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দুই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের ঘটনায় হত্যা মামলা হওয়ার পর পুলিশ গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে। তবে স্বামী ও শ্বশুর পলাতক।

নারায়ণগঞ্জে নিহত গৃহবধূর নাম সাদিয়া আক্তার (১৮)। তিনি স্বামী শফিকের সঙ্গে বন্দর উপজেলার রুপালি গেট এলাকায় থাকতেন।

সাদিয়ার মা রুমা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এক মাস আগে শফিকের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর শফিককে নগদ ৭০ হাজার টাকা ও একটি দামি মুঠোফোন সেট দেওয়া হয়। তারপরও শফিক আরও যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করতে থাকেন। গতকাল মঙ্গলবার রাতে শফিক সাদিয়ার খালা মনিকে ফোন করে জানান, সাদিয়া খুব অসুস্থ। পরে শফিকের তথ্যমতে তাঁরা স্থানীয় হাসপাতালে গিয়ে সাদিয়ার লাশ দেখতে পান। মায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করে শফিক ও তাঁর বাবা হাসপাতালে লাশ নিয়ে ফেলে পালিয়ে গেছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সাংবাদিকদের বলেন, আজ শফিকসহ পাঁচজনকে আসামি করে সাদিয়ার বাবা মনির হোসেন থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় নিহতের শাশুড়ি শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আজ ফাতেমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাতেমার গ্রামের বাড়ি উপজেলার নবাবপুর ইউনিয়নে।

ফাতেমার চাচাতো ভাই রাশেদ মণ্ডল সাংবাদিকদের বলেন, প্রায় ১৫ বছর আগে জিল্লু শেখ নামের একই ইউনিয়নের এক বাসিন্দার সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কারণে-অকারণে ফাতেমাকে মারধর করতেন জিল্লু। আজ সকালে স্বামীর মারধরের একপর্যায়ে ফাতেমা অসুস্থ হয়ে পড়েন। পরে এক প্রতিবেশী তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে ফাতেমার মৃত্যু হয়।

মুঠোফোনে জানতে চাইলে নিহতের স্বামী জিল্লু দাবি করেন, ফাতেমাকে শুধু একটি চড় মেরেছেন তিনি। এতে ফাতেমা অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনা শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।