না. গঞ্জের ফতুল্লা থানা থেকে আসামি পালিয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পুলিশ হেফাজত থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামি কবির হোসেন পালিয়ে গেছেন। আজ শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। কবির ২০১৪ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলার মো. রকি হত্যা মামলার আসামি।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন জানান, আজ শনিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ তাঁকে (আসামি কবির) জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজত থেকে বের করলে ওই আসামি কৌশলে পালিয়ে যান। কবিরের বাড়ি কাশিপুর ভোলাইল নূর মসজিদ এলাকায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এএসপি শরফুদ্দিন আরও জানান, পুলিশ ২৯ নভেম্বর কবিরকে গ্রেপ্তার করে। আদালত আজ শনিবার তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
থানা সূত্র জানায়, ২০১৪ সালে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকার একটি ডোবা থেকে রকির লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবার ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করে। কবির ওই মামলার ৪ নম্বর আসামি।